ফ্যাসিবাদ ও আধিপত্যবাদীদের কোনো ভাবেই ছাড় দেওয়া যাবে না : মোহাম্মদ মাহফুজুর রহমান

# খুলনা মহানগরীর নবনির্বাচিত থানা আমীরদের শপথ গ্রহণ #
স্টাফ রিপোর্টার ঃ খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ এবং চরম জননিরাপত্তাহীনতায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বলেন, সাধারণ মানুষের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রা আজ মারাত্মক হুমকির মুখে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ পুলিশ ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার চরমভাবে ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রাথমিক দায়িত্ব সরকারের, কিন্তু সেই দায়িত্ব পালনে দৃশ্যমান ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অনতিবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। যারা দেশকে অস্থিতিশীল করতে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে ষড়যন্ত্র করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। এই অপতৎপরতা বন্ধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ২০২৭-২০২৮ সেশনের জন্য খুলনা মহানগরীর বিভিন্ন থানায় নবনির্বাচিত আমীরগণ আজ দায়িত্ব গ্রহণের শপথ নিয়েছেন। এই শপথ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এক মহৎ ও গুরুদায়িত্ব পালনের অঙ্গীকার। বুধবার রাতে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে ২০২৭-২০২৮ সেশনের জন্য নবনির্বাচিত থানা আমীরদের শপখ গ্রহণ অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলমের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী কর্মপরিষদের সদস্য ড. আবু রুবাবা, মাওলানা আবু বকর সিদ্দিক, আ ন ম আব্দুল কুদ্দুস, মীম মিরাজ হোসাইন, মুকাররম বিল্লাহ আনসারী, অধ্যাপক জুলফিকার আলী, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, অধ্যাপক মো. ইকবাল হোসাইন, মুহাম্মাদ আব্দুল গফুর, মো. আনিসুর রহমান, মুশাররফ আনসারী প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান খুলনা সদর থানার নবনির্বাচিত আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানার নবনির্বাচিত আমীর জি এম শহিদুল ইসলাম, খালিশপুর থানার নবনির্বাচিত আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানার নবনির্বাচিত আমীর নিয়াজ আনসারী, আড়ংঘাটা থানার নবনির্বাচিত আমীর মোহাম্মদ আশরাফ হোসেন, খানজাহান আলী দক্ষিণ থানার নবনির্বাচিত আমীর ইসমাইল হোসেন পারভেজ, পেশাজীবী থানার নবনির্বাচিত আমীর অধ্যাপক মাওলানা আবু সালেহ, মাদরাসা থানার নবনির্বাচিত আমীর হাফেজ ইমরান খালিদ ও ব্যাংক থানার নবনির্বাচিত আমীর শাহিদুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান। এ সময় অনেকেই মহানগরী আমীরকে ধরে কান্নায় ভেঙে পড়েন। সৃষ্টি হয় এক আবেগঘন পরিস্থিতির। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ধৈর্য, ঐক্য ও দায়িত্বশীলতার সাথে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মহানগরী আমীর বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণকে আজ ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদ ভুলে গিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র-জনতাসহ সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে যেমন সোচ্চার ও প্রতিবাদী হতে হবে, তেমনি দেশের শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য ও ভঙ্গুর অর্থনীতি রক্ষায়ও আমাদের সবাইকে অত্যন্ত দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করতে হবে। সড়ক অবরোধ বা ধ্বংসাত্মক কর্মকা-ের মাধ্যমে অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব নয়। তিনি বলেন, শিল্প খাতের প্রাণ হলো শ্রমিক ভাই-বোনেরা। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি কলকারখানা ও শিল্পের স্বার্থও সমানভাবে রক্ষা করতে হবে। মালিক-শ্রমিক সৌহার্দ্য এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমেই উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখা সম্ভব। ইসলামী আন্দোলনে নেতৃত্ব কোনো ক্ষমতার পদ নয়, বরং তা হলো আমানত এবং ত্যাগের পরীক্ষা উল্লেখ করে মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ ও কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন গঠন করে জনগণের সেবায় আত্মনিয়োগ করাই হবে আপনাদের প্রধান লক্ষ্য। সাংগঠনিক শৃঙ্খলা, ধৈর্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ভালোবাসার মাধ্যমে প্রতিটি থানা ও ওয়ার্ডকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে হবে। তিনি নবনির্বাচিত আমীরদের উদ্দেশ্যে বলেন, খুলনা মহানগরীর মানুষের অধিকার প্রতিষ্ঠা, নৈতিকতার চর্চা এবং সমাজে কল্যাণ ও ইনসাফ কায়েমের প্রচেষ্টায় আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি কর্মীর সুখ-দুঃখে পাশে থাকা, তাদের দক্ষতা ও নৈতিক মান উন্নয়নে কাজ করা এবং সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করার মাধ্যমে দাওয়াতি কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। তিনি নবনির্বাচিত থানা আমীরগণকে এই পবিত্র আমানত সঠিকভাবে রক্ষা করার জন্য আল্লাহ তায়ালার তাওফিক দান করেন এবং তাঁদের প্রতিটি প্রচেষ্টায় বরকত কামনা করেন। আল্লাহ আমাদের সহায় হোন।



