২২ দলের অধিনায়কদের নিয়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের ২০২৬-২৭ মৌসুমের ট্রফি উন্মোচন করা হয়েছে। ২২টি অংশগ্রহণকারী দলের অধিনায়কদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ট্রফি উন্মোচন অনুষ্ঠান। এর মধ্য দিয়ে ঢাকা ক্লাব ক্রিকেটের নতুন মৌসুম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী (কামরু), বিসিবি পরিচালক ও শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট কমিটির চেয়ারম্যান এস এম আবদুল্লাহ আল ফুয়াদ এবং ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের সমন্বয়ক জাহিদ হোসেন। এ সময় অংশগ্রহণকারী ২২ দলের অধিনায়করাও উপস্থিত ছিলেন। ঢাকার ক্লাব ক্রিকেটে প্রতিভাবান ক্রিকেটারদের উঠে আসার অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ প্রথম বিভাগ ক্রিকেট লিগ। এই প্রতিযোগিতার পারফরম্যান্সের ওপর নির্ভর করে অনেক ক্রিকেটারের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার সুযোগ পান। পাশাপাশি প্রথম বিভাগ থেকে ভালো দলগুলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে উন্নীত হওয়ার সুযোগ পায়। এবারের মৌসুমে ২২টি দল নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। লিগকে ঘিরে দলগুলোর প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মৌসুমজুড়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দেওয়ার প্রত্যাশায় সিসিডিএম।



