খুলনায় বিনা’র উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালায় খুকৃবি’র ভিসি

স্টাফ রিপোর্টার ঃ কৃষি উৎপাদন বৃদ্ধি, পতিত জমির ব্যবহার নিশ্চিত করা এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত ফসলের জাত ও প্রযুক্তি কৃষকের মাঠে সম্প্রসারণের লক্ষ্যে খুলনায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের হলরুমে ‘বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহের সম্প্রসারণ ও বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) খুলনার উপপরিচালক মোঃ নজরুল ইসলাম, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের সিএসও ও প্রকল্প পরিচালক ড. মোঃ মাহবুবুল আলম তরফদার এবং একই প্রকল্পের সিএসও ও উপপ্রকল্প পরিচালক ড. মোঃ আশিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন বিনা উপকেন্দ্র, সাতক্ষীরার পিএসও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ এটিআইয়ের অধ্যক্ষ হাসান ওয়ারিসুল কবির এবং খুলনা এটিআইয়ের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম। কর্মশালায় সঞ্চালনায় ছিলেন বিনা সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবীর।এছাড়া আরো উপস্থিত ছিলেন ডিএই খুলনা খামার বাড়ীর উপপরিচালক মোঃ নজরুল ইসলাম,ডিএই বাগেরহাট’র উপপরিচালক মোতাহার হোসেন,পার্টনার সিনিয়র মনিটরিং অফিসার মোঃ মোসাদ্দেক হোসেন,ডিএই ক্লাইমেট স্মার্ট প্রকল্পের সাবেক পিডি শেখ ফজলুল হক মনি,বিসিআরএল প্রকল্পের আঞ্চলিক সম্বয়কারী মোঃ আশরাফুল আলম। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার বলেন, আমরা সবাই কৃষি মন্ত্রণালয়ের অধীনে কাজ করি। পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে কাজ করলে দেশের কৃষির উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। কোন জমিতে কোন ফসল উৎপাদন উপযোগী, তা নির্ধারণ করে কৃষকের দোরগোড়ায় উপযুক্ত ফসল ও প্রযুক্তি পৌঁছে দিতে হবে। এর মাধ্যমে কৃষক স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। তিনি বলেন, খুলনা অঞ্চলে খরিফ-১ মৌসুমে প্রায় ৬৫ হাজার হেক্টর জমি পতিত থাকে। এসব জমি কীভাবে কৃষি উৎপাদনের আওতায় আনা যায়, সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন জরুরি। পতিত জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। বিনা উদ্ভাবিত নতুন নতুন ফসলের জাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব জাতের অনেকগুলো লবণাক্ততা সহিষ্ণু হলেও উদ্ভাবিত জাতগুলো প্রত্যাশিতভাবে কৃষকের মাঠে পৌঁছাচ্ছে না। গবেষণা প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে সমন্বয় ও যোগাযোগের ঘাটতি দূর করতে হবে। গবেষণায় উদ্ভাবিত প্রযুক্তি মাঠপর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কৃষি মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে উন্নত ফসলের জাত ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছে প্রতিষ্ঠানটি। কৃষি গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে বিনা স্বাধীনতা পুরস্কার লাভ করে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ২২টি ফসলের ১৩৫টিরও বেশি উচ্চফলনশীল জাত উদ্ভাবন করেছে। এসব জাত ও প্রযুক্তি কৃষকের মাঠে সম্প্রসারণ এবং বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভুক্তির ওপর কর্মশালায় গুরুত্বারোপ করা হয়।

