বিনোদন

আত্মরক্ষায় রুবেলের পরামর্শ কতটা সময়োপযোগী

প্রবাহ রিপোর্ট ঃ সন্তানদের অলস ও প্রযুক্তিনির্ভর না বানিয়ে মার্শাল আর্টে দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক রুবেল। সম্প্রতি একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। রুবেল বলেন, ‘এখন বাচ্চাদের মোবাইল আর টিভি দিয়ে ঘরের কোণে বন্দি রাখা হচ্ছে। এভাবে আমরা তাদের ফার্মের মুরগি বানিয়ে ফেলছি। অথচ সন্তানদের হতে হবে পাহাড়ি মুরগির মতো শক্তিশালী ও চটপটে।’ তিনি জানান, দিনে অন্তত ১০ মিনিট নিয়ম করে অনুশীলন করলে শিশুদের শারীরিক অসুস্থতা কমে এবং নৈতিকতা ও আত্মবিশ্বাস বাড়ে। তার এ বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর নেটিজেনরা জানিয়েছেন ভিন্ন প্রতিক্রিয়া। অনেকের মতে, আজকের বাস্তবতায় শুধু মার্শাল আর্টকে আত্মরক্ষার প্রধান উপায় হিসাবে তুলে ধরা যুক্তিসংগত নয়। শিশু ও নারীরা এখন রাস্তাঘাটের পাশাপাশি অনলাইনেও হয়রানি, প্রতারণা ও ব্ল্যাকমেইলের ঝুঁকিতে আছেন। এসব ক্ষেত্রে কারাতের কৌশল কাজে আসে না। দরকার ডিজিটাল নিরাপত্তার জ্ঞান, আইনি সচেতনতা এবং বিপদে দ্রুত সহায়তা চাওয়ার সক্ষমতা। প্রযুক্তিকে পুরোপুরি শত্রু ভাবাও ঠিক নয়। বিপদে ৯৯৯-এ ফোন করা, অবস্থান জানানো বা প্রমাণ সংরক্ষণের মতো কাজে এখন প্রযুক্তিই সবচেয়ে কার্যকর হাতিয়ার। তাই সন্তানদের ঘরে বন্দি না রেখে নিরাপদ ও সীমিত প্রযুক্তি ব্যবহার শেখানো, শরীর সুস্থ রাখতে খেলাধুলায় যুক্ত করা এবং প্রয়োজনে প্রাথমিক আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া; সব মিলিয়ে বাস্তবসম্মত প্রস্তুতিই এখন জরুরি বলে মনে করেন নেটিজেনরা। এ ছাড়া দৈনিক ১০ মিনিটের অনুশীলনে অসুস্থতা কমা ও নৈতিকতা বাড়ার দাবির পক্ষে কোনো গবেষণার তথ্য না থাকায় একে সর্বজনীন সত্য হিসাবে মেনে নেওয়াও কঠিন বলে জানিয়েছেন অনেকে। তবে তার বক্তব্যের সমর্থন দিয়ে মার্শাল আর্টকে অনেকটা ব্যায়ামের সঙ্গে তুলনা করে এতে শরীর ভালো থাকে বলেও মত দিয়েছেন কেউ কেউ। আবার কেউ কেউ বলেছেন, এখন শিশু, নারী কিংবা পুরুষ কিডন্যাপিংয়ের মতো যেসব ঘটনা দেশে ঘটে, তাতে করে মার্শাল আর্ট কোনো উপকারেই আসবে না। কারণ, অপহরণকারীদের হাতে থাকে আগ্নেয়াস্ত্র, যেটার কাছে অসহায় ভুক্তভোগী। তাই রাষ্ট্রীয় আইন ও নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দেওয়ার কথা জানিয়েছেন নেটিজেনদের অনেকে। নেটিজেনরা বলেছেন, এ সময়ে এসে মার্শাল আর্টের চেয়েও জরুরি শিশুদের সাইবার জ্ঞানে অভিজ্ঞ করে তোলা। ন্যাশনাল চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এর তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছর শিশুদের সাইবার হয়রানির অভিযোগ বেড়েছে ৪২ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, এসব ঘটনার বড় অংশই সামনে আসে না। অপরিচিত কেউ সমবয়সি পরিচয়ে বন্ধুত্ব গড়ে ছবি ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেল করছে। সামাজিক মাধ্যমে দেওয়া সাধারণ পারিবারিক ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে বিকৃত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এসব বিপদে কারাতের কৌশল কাজে আসে না। তাই সন্তানদের ঘরে বন্দি না রেখে নিরাপদভাবে প্রযুক্তি ব্যবহার শেখানো এবং শরীর সুস্থ রাখতে খেলাধুলা ও প্রাথমিক আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া; সব মিলিয়েই বাস্তবসম্মত প্রস্তুতি জরুরি বলে মত বিশেষজ্ঞদের।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button