ইরানের পরমাণু নীতিতে পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া : আরাগচি

প্রবাহ রিপোর্ট ঃ ইরানের পরমাণু নীতিতে পরিবর্তনের বিরোধিতা করছে দেশটির কৌশলগত মিত্র চীন ও রাশিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ কথা জানিয়েছেন। দেশটির অভ্যন্তরে পরমাণু নীতিতে পরিবর্তন আনার দাবি জোরালো হওয়ার মধ্যে তিনি এ অবস্থানের কথা তুলে ধরলেন। শনিবার (২১ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরানের পরমাণু নীতিতে পরিবর্তনের বিষয়টি ব্যাপক ও গুরুত্বপূর্ণ। এ নিয়ে দেশটির রাজনৈতিক মহলে সমর্থক ও বিরোধীÑদুই পক্ষই রয়েছে। তিনি বলেন, ‘রাশিয়া ও চীনও আমাদের পরমাণু নীতিতে পরিবর্তনের বিরোধী।’ দেশ দুটির সঙ্গে ইরানের কৌশলগত সহযোগিতা চুক্তি রয়েছে। আরাগচি আরও বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত আমাদের পরমাণু নীতিতে কোনো পরিবর্তন আসেনি। এ বিষয়ে আমাদের আনুষ্ঠানিক অবস্থান আগের মতোই রয়েছে।’ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের পর ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিতর্ক নতুন করে সামনে এসেছে। ওই সংঘাতে ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় ব্যাপক হামলা চালানো হয়। এরপর দেশটির রাজনৈতিক মহলে, বিশেষ করে কট্টরপন্থীদের মধ্যে পরমাণু নীতি পরিবর্তনের দাবি জোরালো হয়েছে। এ পরিবর্তনের পক্ষে থাকা ব্যক্তিদের কেউ কেউ মনে করেন, এর মাধ্যমে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ তৈরি হবে, যা সম্ভাব্য হামলা প্রতিরোধে শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) দেশটির পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়া বন্ধ রেখেছে। একই সঙ্গে ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার নিন্দা জানাতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে সংস্থাটির বিরুদ্ধে। গত সপ্তাহে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থাটি ইরানকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পরিদর্শকদের ফিরে যাওয়ার সুযোগ দিতে ‘ধাপে ধাপে পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানায়। সংস্থাটি বলেছে, এসব স্থাপনায় প্রবেশাধিকার পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানি কর্মকর্তারা এখনো দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জারি করা ধর্মীয় ফতোয়ার কথা উল্লেখ করছেন। ওই ফতোয়ায় পারমাণবিক অস্ত্রসহ গণবিধ্বংসী অস্ত্র তৈরি নিষিদ্ধ করা হয়েছিল। আরাগচি বলেন, ‘কেউ কেউ মনে করেন, দেশের পরমাণু নীতি বর্তমান অবস্থায় বহাল রাখা উচিত। আবার অন্যরা মনে করেন, এতে পরিবর্তন আনা প্রয়োজন। উভয় পক্ষেরই নিজস্ব যুক্তি ও ব্যাখ্যা রয়েছে।’ আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে ও উত্তরসূরি মোজতবা খামেনি গত মার্চে দায়িত্ব নেওয়ার পর থেকে জনসমক্ষে আসেননি। বাবার জারি করা ফতোয়া বাতিল করে তিনি এখন পর্যন্ত নতুন কোনো নির্দেশও দেননি। সূত্র: গালফ নিউজ।



