স্থানীয় সংবাদ

অভাবের সংসার থেকে ‘রমণী’র প্রতিষ্ঠাতা নিশিতা এখন স্বপ্ন দেখেন শত নারীর কর্মসংস্থানের

স্টাফ রিপোর্টার ঃ ঝড়-বৃষ্টির রাতে পানিতে ডুবে যেত ছোট্ট ঘরটি। অভাবের সংসারে অনিশ্চয়তাই ছিল নিত্যসঙ্গী। সেই ঘরেই বেড়ে ওঠা নিশিতা মন্ডল একদিন স্বপ্ন দেখেছিলেন নিজের পরিচয়ে দাঁড়ানোর। হাতে ছিল না বড় পুঁজি, ছিল না কোনো প্রতিষ্ঠিত ব্যবসার অভিজ্ঞতা। ছিল শুধু মায়ের কাছ থেকে শেখা সেলাইয়ের কাজ, সৌন্দর্যচর্চার প্রতি আগ্রহ আর জীবনে বদল আনার অদম্য ইচ্ছা। সেই ইচ্ছাশক্তিই আজ তাঁকে নিয়ে এসেছে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পথে। তাঁর স্বপ্নের নাম ‘রমণী ফ্যাশন’ ও ‘রমণী মেকওভার’। খুলনার খোরেরাবাদের সেই প্রতিকূল পরিবেশ থেকে শহরে এসে নিশিতার প্রথম লড়াই ছিল নিজের থাকার জায়গা ও পড়াশোনার খরচ জোগাড় করা। জীবন চালানোর তাগিদে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। কিন্তু অভাবকে নিজের স্বপ্নের পথে বাধা হতে দেননি। বরং প্রতিটি সংকটকে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণা হিসেবে নিয়েছেন। ব্যবসার শুরুটাও ছিল বেশ কঠিন। নিজস্ব পুঁজি না থাকায় বাকিতে পোশাক এনে বিক্রি করতেন। ক্রেতা তৈরি করা, পণ্য বিক্রি, আয়-ব্যয়ের হিসাব রাখাÑসবকিছুই সামলাতে হয়েছে নিজের চেষ্টায়। কখনো অর্থসংকট, কখনো মানুষের তুচ্ছতাচ্ছিল্য, আবার কখনো অনিশ্চিত ভবিষ্যৎ তাঁকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তবু প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা পরিশ্রম করে নিজের অবস্থান তৈরির চেষ্টা চালিয়ে গেছেন। ২০১৬ সালে বিয়ের পর জীবনের নতুন অধ্যায় শুরু হয় নিশিতার। স্বামীকে পাশে নিয়ে নিজেদের একটি স্থায়ী পরিচয় এবং আর্থিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেন তাঁরা। সেই বছরই যাত্রা শুরু হয় ‘রমণী ফ্যাশন’ ও ‘রমণী মেকওভার’-এর। ছোট পরিসরের উদ্যোগকে ধীরে ধীরে ফ্যাশন ও সৌন্দর্যচর্চার ক্ষেত্রে বিস্তৃত করার চেষ্টা করেন তিনি। তাঁর কাছে এটি কেবল ব্যবসা নয়, নিজের সামর্থ্য প্রমাণের একটি মাধ্যম। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উদ্যোক্তা পরিচয়ের পাশাপাশি প্রশিক্ষক হিসেবেও নিজের দক্ষতা তৈরি করেছেন নিশিতা। তিনি ঈইঞ্অ খবাবষ-৪ অ্যাসেসর ও ট্রেইনার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। নিজের অভিজ্ঞতা থেকে তাঁর উপলব্ধি, শুধু ইচ্ছা থাকলেই জীবনে পরিবর্তন আসে না; প্রয়োজন দক্ষতা, প্রশিক্ষণ এবং সেই দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ। বিশেষ করে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। এখন তাঁর স্বপ্ন নিজের প্রতিষ্ঠানের পরিধি আরও বড় করা। বিভাগীয় শহরগুলোতে ‘রমণী ফ্যাশন’-এর নিজস্ব বিক্রয়কেন্দ্র গড়ে তুলতে চান তিনি। সেখানে মানসম্মত পোশাকের পাশাপাশি দেশীয় ঐতিহ্যবাহী হস্তশিল্পের পণ্যও তুলে ধরার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশীয় শিল্প ও কারুশিল্পকে নতুন বাজারের সঙ্গে যুক্ত করতে চান। তবে নিশিতার স্বপ্ন শুধু নিজের ব্যবসা সম্প্রসারণে সীমাবদ্ধ নয়। তরুণ-তরুণী ও নারীদের জন্য একটি পূর্ণাঙ্গ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন তিনি। সেখানে সেলাই, ফ্যাশন ডিজাইন, বিউটিফিকেশনসহ বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি করতে চান। তাঁর প্রত্যাশা, প্রশিক্ষণ শেষে কেউ চাকরিতে যুক্ত হবেন, কেউবা নিজের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করবেন। নিশিতার জীবনের গল্পে তাই সাফল্যের চেয়েও বড় হয়ে উঠেছে ঘুরে দাঁড়ানোর মানসিকতা। যে নারী একসময় নিজের থাকার জায়গা ও পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খেয়েছেন, আজ তিনি অন্যদের জন্য কর্মসংস্থান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরির স্বপ্ন দেখছেন। খোরেরাবাদের পানিতে ডুবে যাওয়া সেই ছোট্ট ঘর থেকে শুরু হওয়া স্বপ্ন আজ ‘রমণী’ নামের একটি উদ্যোগে রূপ নিয়েছে। সামনে পথ এখনো অনেক বাকি। তবে নিশিতার লক্ষ্য পরিষ্কারÑনিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি আরও অনেক নারীকে আত্মনির্ভরশীল হওয়ার পথ দেখানো। তাঁর এই যাত্রা মনে করিয়ে দেয়, মানুষের শুরুটা কতটা কঠিন ছিল, তার চেয়ে বড় বিষয় হলো তিনি কত দূর এগিয়ে যেতে পেরেছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button