স্থানীয় সংবাদ

শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর অবদান ইতিহাসে অতুলনীয় —এডভোকেট আতিকুর রহমান

# সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান #

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর অবদান ইতিহাসে অতুলনীয়। তিনি শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করার নির্দেশ দিয়েছেন এবং অধীনস্থদের সাথে মানবিক আচরণের শিক্ষা দিয়েছেন। একজন শ্রমবান্ধব ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সিরাতের এই শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক। আমরা যদি রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শকে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারি, তবে সমাজ থেকে সকল বৈষম্য ও জুলুম দূর করা সম্ভব। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর উদ্যোগে নগরীর খালিশপুর বিআইডিসি সড়কের শ্রমিক কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মু. আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক খুলনা অঞ্চল সহকারী পরিচালক খান গোলাম রসুল, খুলনা অঞ্চল টিম সদস্য আজিজুর রহমান, ইঞ্জিনিয়ার শেখ জাকিরুজ্জামান, আব্দুল খালেক হাওলাদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, সাখাওয়াত হোসেন, কাজী মাহফুজুর রহমান, আনিসুর রহমান মন্টু, খালিশপুর থানা সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বুলবুল কবির, দৌলতপুর থানা সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জুনায়েদ, সোনাডাঙ্গা থানা সভাপতি খান আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক নুরুল হক, খুলনা সদর থানা সহ-সভাপতি নাসিরুদ্দিন, সাধারণ সম্পাদক মুরাদ সোহাগ, আড়ংঘাটা থানা সভাপতি শাহিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন তপু, কামরুল ইসলাম, পরিবহন শাখার সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক আসলাম শিকদার, রেলওয়ে সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হুসাইন, আলী হায়দার নিরু প্রমুখ। খুলনা মহানগরী থেকে প্রায় সাড়ে ছয় হাজার শ্রমিক কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। এরমধ্যে ২৯৮ জন শ্রমিক শতভাগ প্রশ্নের সঠিক জবাব দিয়েছেন, তাদের থেকে লটারির মাধ্যমে প্রথম ৫৮ জনকে পুরস্কৃত করা হয়। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার লাভ করেছেন খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন রায়েরমহলের বাসিন্দা সাজিদের স্ত্রী শ্রমিক ফাতিমা খাতুন। তাকে পুরস্কার হিসেবে একটি সিঙ্গার সেলাই মেশিন ও ক্রেস্ট দেওয়া হয়েছে। দ্বিতীয় স্থান অধিকার করেছেন লবণচরা জিরোপয়েন্ট এলাকার বাসিন্দা মুহাম্মাদ মিজানের স্ত্রী শ্রমিক সাদিয়া আক্তার চাঁদনী। তাকে পুরস্কার হিসেবে একটি স্ট্যান্ড ফ্যান ও ক্রেস্ট দেওয়া হয়েছে। আর তৃতীয় স্থান অধিকার করেছেন দৌলতপুর থানাধীন পাবলা এলাকার খন্দকার খায়রুল ইসলামের ছেলে শ্রমিক খন্দকার ইয়াসিন। তাকে পুরস্কার হিসেবে একটি টেবিল ফ্যান ও ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া ২৮ জন পুরুষ ও ৩০ জন মহিলা শ্রমিককে আকর্ষনীয় শান্তনা পুরস্কার দেওয়া হয়েছে।
প্রধান অতিথি এডভোকেট আতিকুর রহমান বলেন, বিশ্বমানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনচরিত বা সিরাত আমাদের জন্য কেবল একটি ঐতিহাসিক অধ্যায় নয়; বরং এটি ইহকাল ও পরকালের সাফল্যের চিরন্তন পাথেয়। যে সমাজে আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার, অবিচার, গোত্রীয় সংঘাত ও দুর্বলের ওপর সবলের নির্যাতন ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা, সেই সমাজে রাসূলুল্লাহ (সা.) ন্যায়বিচার, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিক মর্যাদার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আজকের এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম মহানবী (সা.)-এর জীবন, সংগ্রাম, আদর্শ ও বাণী সম্পর্কে জানার ও চর্চা করার যে সুযোগ পেয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। জ্ঞান অর্জন ও সত্যের সন্ধানে শিক্ষার্থীদের এই আগ্রহ আমাদের ভবিষ্যতের জন্য আশার আলো। যারা আজ পুরস্কৃত হয়েছেন, অপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। আর যারা কোনো কারণে পুরস্কার পাননি, তাদের জন্যও রইল শুভকামনা। মনে রাখতে হবে, সিরাত অধ্যয়ন ও তা জীবনে ধারণ করাই হলো সবচেয়ে বড় পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ (সা.)-এর প্রকৃত শিক্ষা ও আদর্শ অনুসরণ করার তাওফিক দান করুন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার শক্তি দিন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button