মাদকের টাকা নিতে এসে খুলনায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীতে অভিযান চালিয়ে একটি কাটারাইফেল, দুটি বন্দুকের কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ কামরান (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার ইঞ্জিনিয়ার গলি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামরান ওই এলাকার বাসিন্দা মো. কামলা শেখের ছেলে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব বানিয়াখামার এলাকার ইঞ্জিনিয়ার গলিতে অভিযান চালিয়ে কামরানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি কাটা রাইফেল ও দুটি বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়েছে। একটি সূত্র জানায়, কামরান মৃদুল নামের আর এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদকের টাকা নিতে এসেছিল। মৃদুল টাকা নিয়ে নয়ছয় করছিল এবং তখন কামরান ও মৃদুলের মধ্যে ধস্তাধস্তি হয়। কামরান মৃদুলকে হত্যা করতো যদি ওই সময় পুলিশ চলে না আসতো। বাস্তবিকপক্ষে কামরানকে দেখে মনে হবেনা সে একজন খুনী বা মানুষ খুন করার শারীরিক ক্ষমতা রাখে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত কামরান একটি সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য । এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



