বাড়ছে বাল্যবিবাহ : রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ প্রয়োজন

বাল্যবিবাহ মাতৃ ও শিশু স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। বাল্যবিবাহ রোধে আইন আছে, জেল-জরিমানার বিধান রয়েছে। কিছু পরিমাণে সামাজিক ও প্রশাসনিক উদ্যোগও রয়েছে, কিন্তু বাল্যবিবাহ কমছে না। অভাব-অনটন ও নিরাপত্তাহীনতা যত বাড়ছে, বাল্যবিবাহের সংখ্যাও তত বাড়ছে। রাজশাহী ও খুলনা বিভাগে বাল্যবিবাহের সংখ্যা রীতিমতো উদ্বেগজনক। অনুমোদনপ্রাপ্ত কাজিরা অপ্রাপ্তবয়স্কদের বিয়েতে আপত্তি করায় স্থানীয় মৌলবি সাহেবদের ডেকে বিয়ে পড়ানো হয়। কোনো কোনো এলাকায়, বিশেষ করে চরাঞ্চল ও অতিদরিদ্র এলাকায় বাল্যবিবাহের সংখ্যা অনেক বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৫ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (মিকস) অনুযায়ী, রাজশাহী বিভাগে ১৮ বছরের আগে বিয়ে হওয়া নারীর হার ৬৭ শতাংশ। দেশের বিভাগগুলোর মধ্যে এই হার সর্বোচ্চ। খুলনা বিভাগে এই হার ৬৫ শতাংশ। জাতীয় পর্যায়ে ১৮ বছরের আগে বিয়ের হার ৫৬ শতাংশ। একই জরিপে দেখা যায়, দেশের ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে ১৩ শতাংশের বিয়ে হয়েছে ১৫ বছরের আগেই। গ্রামে ১৮ বছরের আগে বিয়ের হার ৫৯ শতাংশ, শহরে ৫০ শতাংশ। চিকিৎসকদের মতে, নির্দিষ্ট বয়সসীমার আগে বিয়ে হলে মা ও শিশু উভয়ের স্বাস্থ্যঝুঁকি অনেক বেড়ে যায়। মাতৃ ও শিশু মৃত্যুর হার বেড়ে যায়। অথচ অনেক কন্যাশিশুর বিয়ে হচ্ছে তৃতীয় বা চতুর্থ শ্রেণিতে পড়ার সময়, অর্থাৎ ১০ বছর বয়সের কাছাকাছি। অনেকের মতে, এটি ওই কন্যাশিশুকে হত্যা করারই নামান্তর। প্রকাশিত খবরে দেখা যায়, রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুর এলাকায় এক দরিদ্র বাবা চতুর্থ শ্রেণিতে পড়ার সময় তাঁর মেয়েকে বিয়ে দিয়েছিলেন এক দিনমজুর যুবকের সঙ্গে। অভিযোগ রয়েছে, যৌতুকের দাবি মেটাতে না পারায় সাড়ে তিন বছর সংসার করার পর বিবাহবিচ্ছেদ ঘটে। দুই শিশুসন্তান নিয়ে সেই কিশোরী এখন বাবার বাড়িতে। এমন চিত্র কমবেশি সারা দেশেরই। বিশ্লেষকরা বলছেন, দারিদ্র্য, নিরাপত্তাহীনতা, শিক্ষা ও সুস্থ বিনোদনের অভাবে রাজশাহীর গ্রামাঞ্চলে, বিশেষ করে দুর্গম চরাঞ্চলে অহরহ ঘটছে বাল্যবিবাহ। খুলনায়ও একই পরিস্থিতি। আর্থিক টানাপড়েন, সামাজিক নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশের অভাবে অনেক দরিদ্র অভিভাবক শিশুকন্যাকে বাল্যবিবাহের মতো অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দিচ্ছেন। অনেক ক্ষেত্রেই যার ফল ভয়ানক নেতিবাচক। রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি দপ্তর, স্থানীয় সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। পাশাপাশি চরাঞ্চলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সুযোগ, মেয়েদের নিরাপদ যাতায়াত, দরিদ্র পরিবারের জন্য সহায়তা এবং বাল্যবিবাহ নিরোধ কমিটিগুলোকে সক্রিয় করতে হবে। তা না হলে সচেতনতামূলক সভা-সেমিনার চললেও মাঠ পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ কঠিন হয়ে পড়ছে। আমরা মনে করি, দেশকে বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত করার জন্য রাষ্ট্রীয়ভাবে সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করা হবে। আইনের প্রয়োগ জোরদার করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও অত্যন্ত জরুরি।
