জাতীয় সংবাদ

৪ লাখ টাকায় গ্রেপ্তার আ.লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

প্রবাহ রিপোর্ট ঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিনকে গ্রেপ্তারের এক ঘণ্টা পর চার লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিমের বিরুদ্ধে। এ নিয়ে পুরো উপজেলা জুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘাটান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মিনহাজ উদ্দিন জুলাই আন্দোলনে মির্জাপুর উপজেলার একটি হত্যা মামলার আসামি। স্থানীয়রা জানান, সন্ধ্যায় ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিমসহ একদল পুলিশ ঘাটান্দি গ্রামে মিনহাজ উদ্দিনের বাড়ি ঘেরাও করে তাকে গ্রেপ্তার করে। পরে দীর্ঘসময় পর পুলিশ মিনহাজ উদ্দিনকে ছেড়ে দেয় এবং তারা সেখান থেকে চলে যায়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রতিবেশী জানান, মিনহাজের ছেলে-মেয়ে জুলাই আন্দোলনে সক্রিয় থাকায় তাদের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় এক নেতার সম্পর্ক ভালো ছিল। সে কারণে আওয়ামী লীগ নেতা মিনহাজ উদ্দিন হত্যা মামলার আসামি হয়েও বাড়িতেই অবস্থান করছিলেন। কিন্তু হঠাৎ শুক্রবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করার পর রহস্যজনকভাবে ছেড়ে দিয়ে চলে যায়। তবে তারা শুনেছেন মোটা অংকের টাকার বিনিময় এবং এনসিপি নেতার কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। মিনহাজ উদ্দিনের ছোট ভাই আজহারুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় মিনহাজকে গ্রেপ্তার করার পর এক ঘণ্টা বাড়িতে বসেই আলোচনার মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কত টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে তা তিনি জানেন না। এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, আওয়ামী লীগ নেতা মিনহাজ উদ্দিনকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান চালানো হয়েছিল কিন্তু পলাতক থাকায় তাকে পাওয়া যায়নি। আর টাকা নেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button