বিনোদন

ঈদে হাসি, প্রেম আর মানবিকতার গল্প নিয়ে ফিরছে ‘চাঁদের হাট ২’

প্রবাহ বিনোদন: বাংলাদেশের ঈদ নাটকের জগতে গত বছর ঈদুল আজহায় ব্যাপক আলোচিত হয়েছিল ‘চাঁদের হাট’। ইউটিউব ট্রেন্ডিং তালিকায় শীর্ষে থাকা সেই নাটকটির দর্শকপ্রিয়তায় অনুপ্রাণিত হয়ে এবার নির্মিত হয়েছে তার সিক্যুেয়ল ‘চাঁদের হাট ২’। নতুন এই পর্বেও থাকছে আগের চরিত্র, আগের নির্মাতা এবং আগের সেই ঈদের আমেজ, তবে নতুন এক গল্প ও নতুন কিছু বার্তা নিয়ে।
শুক্রবার (৭ জুন) ঈদের দিন মুক্তি পাবে নাটকটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। এই বিশেষ নাটক রচনা ও পরিচালনায় রয়েছেন কে এম সোহাগ রানা, যিনি প্রথম পর্বেও একই দায়িত্ব পালন করেছিলেন।
‘চাঁদের হাট ২’-এর মূল গল্প আবর্তিত হয়েছে গরুর হাটকে কেন্দ্র করে। কিন্তু এটিকে শুধুই হাস্যরসের গল্প বলা যাবে না। নাটকে মিশেছে প্রেম, কমেডি ও মানবিক বার্তা-যা ঈদের চেতনার সঙ্গেও সঙ্গতিপূর্ণ।
নাটকের প্রধান চরিত্রে রয়েছেন- তৌসিফ মাহবুব, যিনি অভিনয় করেছেন চাঁদের চরিত্রে, কেয়া পায়েল, যিনি রূপ দিয়েছেন পূর্ণিমা চরিত্রে। উল্লেখযোগ্য পাশর্^চরিত্রে আছেন- মনিরা আক্তার মিঠু (চাঁদের মা), ডা. এজাজুল ইসলাম (পূর্ণিমার মামা), এমএনইউ রাজু ও এবি রোকনসহ আরও অনেকে। চিত্রগ্রহণে ছিলেন আদিত্য মনির।
পরিচালক কে এম সোহাগ রানা জানিয়েছেন, “গরুর হাটের প্রেক্ষাপট ব্যবহার করে এমন একটি গল্প বানাতে চেয়েছি, যা কেবল বিনোদনই নয়, দর্শককে কিছু বার্তাও দেবে। হাসির মাঝেও জীবনের কঠিন বাস্তবতাগুলো তুলে ধরার চেষ্টা করেছি।”
প্রযোজক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, “এই নাটকে শুধু হাসিই নয়, দর্শক খুঁজে পাবেন মানবিক ও শিক্ষণীয় কিছু মুহূর্ত। গল্পে থাকবে হৃদয়ের টান, বাস্তবতার ছোঁয়া এবং ঈদের আবেগ।”
গতবারের মতো এবারও নাটকটি দর্শকের ভালোবাসা পাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সবাই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button