বিনোদন

পাভেলের দুই ভিডিও ঘিরে তোলপাড় : থামছেই না আলোচনা

প্রবাহ রিপোর্ট ঃ জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে গেল কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। পরপর দুই ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে গত দুই দিনে বেশ সরব হয়ে উঠেছে নেটদুনিয়া। এর মধ্যেই জনপ্রিয় এই অভিনেতাকে ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ দেওয়া হচ্ছে- এমন গুঞ্জনও ছড়িয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ঘটনার সূত্রপাত ১৭ সেপ্টেম্বর। ওই দিন সামাজিক যোগাযোগমাধ্যমে পাভেলের একটি প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। কেউ ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন, আবার কেউ দাবি করেন এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, তা যাচাই করা প্রয়োজন। তবে এর সত্যতা নিশ্চিত হয় পাভেলের স্বীকারোক্তিতেই। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গণমাধ্যমের কাছে বিষয়টি নিয়ে কথা বলেন পাভেল। ভাইরাল ভিডিওতে থাকা নারীকে নিজের বান্ধবী বলে জানান তিনি। একই সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব আলোচনা হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার মিল নেই বলেও দাবি করেন এই অভিনেতা। পাভেলের বক্তব্য অনুযায়ী, ওই নারীর সঙ্গে তার সম্পর্ক ব্যক্তিগত পরিচয় ও বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ। ফলে ভিডিওটি ঘিরে নেটদুনিয়ায় যে নানা ধরনের জল্পনা তৈরি হয়েছে, তার অনেকটাই বাস্তবতার সঙ্গে মেলে না বলে জানিয়েছেন তিনি। তবে প্রথম ভিডিও নিয়ে আলোচনা থামার আগেই শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সামনে আসে আরেকটি ভিডিও। প্রায় পাঁচ মিনিটের ওই ভিডিওতেও পাভেলের উপস্থিতি রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়। বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ফের আলোচনার কেন্দ্রে চলে আসেন এই অভিনেতা। পরপর দুই ভিডিও ছড়িয়ে পড়ায় পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা আরও তীব্র হয়। আর এর মধ্যেই সামনে আসে আরেকটি বিষয়- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন অভিনয়শিল্পীদের তালিকায় নেই পাভেলের নাম। গত ১৭ সেপ্টেম্বর ধারাবাহিকটির পরিচালক কাজল আরেফিন অমি তার ফেসবুক পেজে নতুন তালিকা প্রকাশ করেন। সেখানে নিয়মিত অভিনয়শিল্পীদের নাম থাকলেও পাভেলের নাম দেখা যায়নি। এরপরই দর্শক-অনুরাগীদের মধ্যে প্রশ্ন ওঠে- তাহলে কি ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল? ভিডিও-ঘিরে আলোচনা আর নতুন তালিকায় পাভেলের নাম না থাকা- দুই ঘটনা প্রায় একই সময়ে সামনে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন আরও জোরালো হয়েছে। তবে পাভেলকে সত্যিই ধারাবাহিক থেকে বাদ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত পরিচালক কাজল আরেফিন অমি কিংবা পাভেলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জন হিসেবেই রয়েছে। ‘ব্যাচেলর পয়েন্ট’ দর্শকদের কাছে দীর্ঘদিনের জনপ্রিয় একটি ধারাবাহিক। এর প্রতিটি চরিত্রকে ঘিরেই দর্শকদের আলাদা আগ্রহ রয়েছে। সেই তালিকায় পাভেলের নাম না থাকায় স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে। শেষ পর্যন্ত নতুন পর্বে পাভেল থাকছেন কি না, সেটিই এখন দেখার বিষয়। বলে রাখা যায়, ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে পরিচিতি পান সাইদুর রহমান পাভেল। দেশে ফিরে স্টেজ শো ও ছোট ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা তৈরি করতে থাকেন তিনি। নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন পাভেল। তবে তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয়ের পর। ধারাবাহিকটির মাধ্যমে দর্শকের কাছে আলাদা পরিচিতি পান তিনি। এরপর নাটকের পাশাপাশি ওয়েব কনটেন্টেও নিয়মিত কাজ করছেন এই অভিনেতা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button