বিনোদন

ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

প্রবাহ রিপোর্ট ঃ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে হ্যালোইন উৎসব। এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। এবার একমাত্র ছেলে আইজানকে সঙ্গে নিয়ে হ্যালোইন উদযাপনে অংশ নিতে দেখা গেল ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে। ছেলে আইজানকে নিয়ে প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান এই অভিনেত্রী। সন্তানের আনন্দের কথা ভেবে এর আগেও তাকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছেন তিনি। মা-ছেলের এমন আনন্দঘন মুহূর্তগুলো প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন শাবনূর। বিভিন্ন উৎসব ও বিশেষ আয়োজনেও ছেলেকে নিয়ে অংশ নিতে দেখা যায় তাকে। এবার অস্ট্রেলিয়ার সিডনিতে হ্যালোইন উদযাপনের কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেত্রী। বর্তমানে সিডনিতেই বসবাস করছেন তিনি। রোববার (১ নভেম্বর) নিজের ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, ছেলে আইজানকে পাশে নিয়ে হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন শাবনূর। মা ও ছেলে দুজনের পরনেই ছিল একই নকশার পোশাক। পোশাকে ফুটে উঠেছে কমলা রঙের কুমড়ার নকশা। ছবির পেছনের সাজসজ্জাতেও ছিল হ্যালোইনের বিশেষ আমেজ। সেখানে দেখা গেছে কৃত্রিম কঙ্কাল, কুমড়ার লণ্ঠন, রঙিন আলো এবং ‘হ্যাপি হ্যালোইন’ লেখা নানা আয়োজন। ছবিগুলোর ক্যাপশনে শাবনূর লিখেছেন, ‘হ্যাপি হ্যালোইন’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত ও অনুরাগীরা নানা মন্তব্য ও প্রতিক্রিয়ায় ভালোবাসা জানিয়েছেন। উল্লেখ্য, গত বছরও ছেলে আইজানকে সঙ্গে নিয়ে হ্যালোইন উৎসবে অংশ নিয়েছিলেন শাবনূর। সেবার মা-ছেলেকে ভূতের সাজে উৎসব উদযাপন করতে দেখা গিয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button