বাবা-মা সন্তানের জন্য পরীক্ষা, সন্তানও তাদের জন্য : বর্ষা

প্রবাহ রিপোর্ট ঃ সন্তানদের কাছে বাবা-মা সব সময়ই বিশেষ। তাদের ভালোবাসা, ত্যাগ কিংবা শাসনের স্মৃতি জীবনের নানা বাঁকে ফিরে আসে। তবে বাবা-মা হিসেবে নিজেদের আচরণ সন্তানদের মনে কী প্রভাব ফেলে, তা নিয়ে ভাবার অবকাশ কতটুকু? এবার সেই বিষয়টিই সামনে আনলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বর্ষা। বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং সন্তান প্রতিপালনে আচরণের গুরুত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়েছেন এক ভাবনামূলক বার্তা। রোববার (৮ নভেম্বর) দেওয়া এক স্ট্যাটাসে বর্ষা লেখেন, ‘আপনার বাবা-মা আপনার জন্য একটি পরীক্ষা, আর আপনিও তাদের জন্য একটি পরীক্ষা। বিষয়টি মেনে নিন।’ কঠিন স্বভাবের বাবা-মায়ের সঙ্গে মানিয়ে চলা যে সহজ নয়, সেটিও তুলে ধরেছেন এই অভিনেত্রী। তার ভাষায়, বাবা-মায়েরাও আমাদের মতোই মানুষ। তাদেরও ভুলত্রুটি ও দুর্বলতা রয়েছে। তারা যেমন, তাদের সেভাবেই মেনে নিতে শিখতে হবে। কারণ, অন্যকে পরিবর্তন করা সম্ভব না হলেও নিজেকে পরিবর্তন করার সুযোগ প্রত্যেকের রয়েছে। জীবনের এই পরীক্ষাকে ধৈর্য, সহনশীলতা ও ভালোবাসার সঙ্গে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বর্ষা। তবে স্ট্যাটাসের পরের অংশে নিজের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে বিষয়টিকে আরও গভীরভাবে তুলে ধরেছেন তিনি। বর্ষা লেখেন, ‘আমার কাছে বা আমি এখন যদি চিন্তা করি আমার বাবা-মায়ের কথা, তাহলে মনে হয় আমার বাবা-মা অনেক সহজ-সরল ছিলেন আমার জন্য। কিন্তু আমি হয়তো এতটা সহজ না আমার সন্তানদের জন্য।’ এরপরই বাবা-মা হিসেবে নিজেদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন অভিনেত্রী। তার মতে, দুনিয়ার সব বাবা-মাই তাদের সন্তানদের কাছে সেরা। তবে নিজেদের আচরণ যেন সন্তানদের অন্য মানুষের কিংবা সমাজের সামনে বিব্রতকর পরিস্থিতিতে না ফেলে, সেদিকেও খেয়াল রাখা জরুরি। স্ট্যাটাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশে বর্ষা লেখেন, ‘আপনার পোলাও-মাংস খাওয়ানোর কথা মনে থাকবে না, থেকে যাবে আপনার ব্যবহার।’ অর্থাৎ সন্তানদের জন্য কত আয়োজন করা হলো, কত দামি খাবার কিংবা উপহার দেওয়া হলো- তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তাদের সঙ্গে বাবা-মায়ের আচরণ। উল্লেখ্য, ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলকে ভালোবেসে বিয়ে করেন বর্ষা। এই তারকা দম্পতির সংসারে রয়েছে দুই ছেলে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন সময় ব্যক্তিগত জীবন, পরিবার ও সমসাময়িক নানা বিষয় নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন বর্ষা। তারই ধারাবাহিতায় এবার বাবা-মা ও সন্তানদের পারস্পরিক সম্পর্ক নিয়ে বার্তা দিলেন তিনি।



