বিনোদন

গান-অভিনয় থেকে দূরত্ব : তবুও যেখানে আলো ছড়াচ্ছেন তাহসান

প্রবাহ রিপোর্ট ঃ শোবিজ অঙ্গনে এখন আর আগের মতো নিয়মিত দেখা যায় না জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানকে। গান ও অভিনয় থেকে দূরত্ব তৈরি করলেও একটি জায়গায় তিনি এখনো আগের মতোই সরবÑআর তা হলো সাবলীল উপস্থাপনা। দর্শকের ভালোবাসাকে সঙ্গী করে সেই পরিচিত সাবলীলতা নিয়েই আবারও ছোট পর্দায় ফিরছেন এই তারকা। শুরু হতে যাচ্ছে জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন। এর আগে শোটির প্রথম দুটি সিজন দারুণ জনপ্রিয়তা পায়। ওই দুই সিজনেও সঞ্চালনার দায়িত্বে ছিলেন তাহসান। এমনকি এর দ্বিতীয় সিজনটি টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটিরও বেশি ভিউয়ের রেকর্ড গড়ে, যা বঙ্গ প্ল্যাটফর্মের মাধ্যমে দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই আকাশছোঁয়া সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসর ও ভিন্নধর্মী প্রতিযোগিতামূলক আয়োজনে আসছে সিজন ৩। নতুন এই সিজন নিয়ে দারুণ উচ্ছ্বসিত তাহসান খান। তিনি বলেন, ‘ফ্যামিলি ফিউড সবসময়ই পরিবারগুলোকে হাসি, আনন্দ আর অসাধারণ সব মুহূর্তের সুতোয় বেঁধেছে। সিজন ৩ নিয়ে আমি একটু বেশিই রোমাঞ্চিত, কারণ এর নতুন ফরম্যাট প্রতিযোগিতাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। পরিবারগুলোর সুযোগ থাকবে নিজেদের বুদ্ধিমত্তা ও টিম স্পিরিট প্রমাণের মাধ্যমে ফ্যামিলি ফিউডের মঞ্চ কাঁপানো এবং বড় পুরস্কার জিতে নেওয়ার। এবার কোন পরিবার সেরা হয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয়, তা দেখতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি!’ প্রতিযোগিতাকে আরও রোমাঞ্চকর করতে এবার শোয়ে যুক্ত করা হয়েছে নতুন ফরম্যাট। যেখানে অংশগ্রহণকারী পরিবারগুলোর বুদ্ধি, সঠিক আন্দাজ করার ক্ষমতা এবং টিমওয়ার্কের কড়া পরীক্ষা নেওয়া হবে। খেলার নিয়ম অনুযায়ী, সবচেয়ে বেশি স্কোর করা পরিবার সরাসরি জায়গা করে নেবে গ্র্যান্ড ফিনালেতে। অন্যদিকে, ফাইনালের অপর স্থানটির জন্য লড়াই করবে দ্বিতীয় ও তৃতীয় হওয়া পরিবার দুটি। এরপর চূড়ান্ত ফাইনালে মুখোমুখি হওয়া সেরা দুই দলের লড়াইয়ের মধ্য থেকেই নির্ধারিত হবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ চ্যাম্পিয়ন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button