বিনোদন

মুকুট না জিতেও মিস ইউনিভার্সে দুই বিভাগে সেরা মাহি

প্রবাহ রিপোর্ট ঃ সুন্দরী প্রতিযোগীতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। তবে দর্শকদের ভোটে দুটি বিভাগে সেরার স্বীকৃতি অর্জন করেছেন তিনি। সুইমস্যুট ও ইভনিং গাউন উভয় বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছেন মাহি। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছেন এই বাংলাদেশি প্রতিযোগী। সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী পোশাক ও আত্মবিশ্বাসী উপস্থিতির কারণে শুরু থেকেই আলোচনায় ছিলেন মাহি। যেখানে অন্য প্রতিযোগীরা বিকিনি পরে মঞ্চে অংশ নেন, সেখানে তিনি বেছে নেন পুরো শরীর ঢাকা নীল রঙের আঁটসাঁট পোশাক। পোশাকটির পেছনে যুক্ত লম্বা নীল কাপড় তার মঞ্চ উপস্থিতিতে যোগ করে ভিন্ন মাত্রা। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়ায় তার এই ব্যতিক্রমী পরিবেশনা। শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজের এই অর্জনের খবর জানান সামিরা খান মাহি। তিনি জানান, মিস ইউনিভার্সে সুইমস্যুট ও ইভনিং গাউন দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। এ ছাড়া ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছে দেশ। আন্তর্জাতিক এই মঞ্চে অর্জিত স্বীকৃতিকে শুধু নিজের সাফল্য হিসেবে দেখছেন না মাহি। বরং দেশের মানুষের ভালোবাসা ও সমর্থনের ফল হিসেবেই দেখছেন তিনি। মিস ইউনিভার্সের বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের পাশে নিজের নাম দেখে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই প্রতিযোগী। প্রতিযোগিতার পুরো যাত্রায় দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন তাকে সাহস জুগিয়েছে বলে জানান মাহি। প্রতিটি পদক্ষেপে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, মানুষের এই ভালোবাসাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের পোস্টের শেষাংশে মাহি লেখেন, ‘ভালোবাসি বাংলাদেশ।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button