ফের পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

# ইসলামাবাদে নতুন মিশন #
প্রবাহ রিপোর্ট ঃ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে আবারও আব্বাস আরাগচি পাকিস্তান সফরে যাচ্ছেন। ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ওমান সফর শেষ করে তিনি পুনরায় ইসলামাবাদ পৌঁছাবেন, এরপর সেখান থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। এর আগে গত শুক্রবার রাতে একটি প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে পৌঁছান আরাগচি। সেখানে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এই সফরের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছিল বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। তবে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় তিনি পরবর্তীতে ওমান সফরে যান। এখন আবার পাকিস্তানে ফিরে এসে তিনি মধ্যস্থতাকারীদের সঙ্গে আরও আলোচনা চালাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পাকিস্তান এখনো দুই পক্ষের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছে। প্রতিবেদন অনুযায়ী, রবিবার সন্ধ্যার দিকে তার ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। যদিও এই সফরে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কোনো বৈঠকের সম্ভাবনা নেই। কারণ, ইরান মনে করছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো অত্যন্ত কঠোর, ন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলোকে অগ্রহণযোগ্য বলে মনে করছে। এ অবস্থায় দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা স্থগিত থাকলেও কূটনৈতিক তৎপরতা পুরোপুরি থেমে নেই। পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা অব্যাহত রেখেছে, যাতে ভবিষ্যতে কোনো সমঝোতার পথ তৈরি করা যায়। উল্লেখ্য, আগের সফরে আরাগচির সঙ্গে থাকা প্রতিনিধি দলের সদস্যরা ইতোমধ্যে ইরানে ফিরে গিয়ে সরকারের সঙ্গে পরামর্শ করেছেন। ধারণা করা হচ্ছে, তিনি আবার পাকিস্তানে পৌঁছালে ওই প্রতিনিধিরা পুনরায় আলোচনায় যোগ দিতে পারেন। তথ্যসূত্র : মেহের নিউজ, আল-জাজিরা



