আন্তর্জাতিক

তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রির সমালোচনা করায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ট্রাম্প

প্রবাহ রিপোর্ট ঃ তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির প্রস্তাবের প্রকাশ্য সমালোচনা করায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ‘মারাত্মক ক্ষুব্ধ’ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৬ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হোয়াইট হাউসের দুজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোমবার ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে বৈঠক হবে বলে ইসরাইলি গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও, বাস্তবে এমন কোনো বৈঠকের সূচি নির্ধারিত হয়নি। একজন কর্মকর্তার মতে, ৭-৮ জুলাই ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্টের আঙ্কারা সফরের ঠিক আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর মন্তব্যে ক্ষুব্ধ হন ট্রাম্প। দ্বিতীয় আরেকজন কর্মকর্তা জানান, ট্রাম্প মনে করেন, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রির বিষয়ে হস্তক্ষেপ করার ‘কোনো অধিকার’ নেতানিয়াহুর নেই। খবরে বলা হয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী দুই সপ্তাহের বেশি সময় ধরে ট্রাম্পের সঙ্গে একটি বৈঠকের জোর চেষ্টা চালাচ্ছেন। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর থেকে নেতানিয়াহু অন্তত ছয়বার ওভাল অফিসে গেছেন। ইসরাইলি গণমাধ্যমের খবরে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যে যোগ দিতে এবং সোমবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে এই সপ্তাহান্তে ওয়াশিংটন সফরের পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু। তবে বৃহস্পতিবার নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, গ্রাহামের শেষকৃত্য স্থগিত হওয়ায় তার ওই সফর বাতিল করা হয়েছে। হোয়াইট হাউসের ওই দুই কর্মকর্তা আরও জানান, নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে দেখা করতে চাইলেও কোনো বৈঠক নিশ্চিত করা হয়নি বা প্রেসিডেন্টের কার্যসূচিতে তা রাখা হয়নি। অ্যাক্সিওস একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, আমাদের মনে হয়েছে বিবি (নেতানিয়াহু) জোর করে একটি বৈঠক আয়োজনের চেষ্টা করছিলেন। তবে অ্যাক্সিওস জানিয়েছে, শেষ পর্যন্ত গ্রাহামের স্মরণসভায় যোগ দিতে নেতানিয়াহু যখন ওয়াশিংটনে যাবেন, তখন একটি বৈঠকের সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দেননি হোয়াইট হাউসের কর্মকর্তারা। সূত্র: আনাদোলু এজেন্সি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button