সৌদিতে ব্যয় বাড়ছে বিলাসিতায় : কমছে শিক্ষায়

প্রবাহ রিপোর্ট ঃ সৌদি আরবে ভোক্তাদের খরচের ধরনে এক সপ্তাহেই বড় পরিবর্তন দেখা গেছে। শিক্ষা খাতে ব্যয় অর্ধেকের বেশি কমলেও হোটেল, রেস্তোরাঁ, বিনোদন ও গৃহস্থালি পণ্যে ব্যয় বেড়েছে। এর ফলে ২৬ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির সামগ্রিক ভোক্তা ব্যয় ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ১৩ দশমিক ৩৭ বিলিয়ন সৌদি রিয়ালে দাঁড়িয়েছে। সৌদি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ওই সপ্তাহে পয়েন্ট অব সেলস বা পিওএস লেনদেনের সংখ্যা ১ শতাংশ বেড়ে ২৪ কোটি ৩৫ লাখ ৯০ হাজারে পৌঁছেছে। এক সপ্তাহে এ খাতে ব্যয় ২০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৩১১ দশমিক ১৫ মিলিয়ন রিয়ালে পৌঁছেছে। একই সময়ে হোটেল-সংক্রান্ত লেনদেনের সংখ্যাও ২১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। রেস্তোরাঁ ও ক্যাফেতে ব্যয় বেড়েছে ১১ দশমিক ৪ শতাংশ। এ খাতে মোট ব্যয় হয়েছে ১ দশমিক ৭৬ বিলিয়ন রিয়াল। খাদ্য ও পানীয় খাতেও ব্যয় ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ২ দশমিক ১১ বিলিয়ন রিয়ালে দাঁড়িয়েছে। বিনোদন খাতে ব্যয়ের পরিমাণ বেড়েছে ১৮ দশমিক ৫ শতাংশ। এ খাতে মোট ব্যয় হয়েছে ২৫৩ দশমিক ৯৭ মিলিয়ন রিয়াল। একই সময়ে বিনোদন ও সংস্কৃতি খাতে ব্যয় বেড়েছে ১৪ শতাংশ, যা দাঁড়িয়েছে ৩৭৩ দশমিক ৬৩ মিলিয়ন রিয়ালে। এ ছাড়া আসবাবপত্র ও গৃহস্থালি পণ্যে ব্যয় ১৪ দশমিক ৫ শতাংশ বেড়ে ৫৭৬ দশমিক ৬১ মিলিয়ন রিয়ালে পৌঁছেছে। ব্যক্তিগত পরিচর্যা খাতে ব্যয় বেড়েছে ১৩ দশমিক ৪ শতাংশ, আর পোশাক ও আনুষঙ্গিক পণ্যে বেড়েছে ১১ দশমিক ৩ শতাংশ। তবে শিক্ষা খাতে ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র। এক সপ্তাহেই এ খাতে ব্যয় ৫১ দশমিক ৫ শতাংশ কমে ৮৭ দশমিক ৫৬ মিলিয়ন রিয়ালে নেমে এসেছে। শিক্ষা-সংক্রান্ত লেনদেনের সংখ্যাও ৩৪ দশমিক ৬ শতাংশ কমেছে। অর্থনীতিবিদ তালাত হাফিজ বলেন, সৌদি আরবে ক্রীড়া, বিনোদন ও পর্যটনকেন্দ্রিক আয়োজন বাড়ায় অভ্যন্তরীণ ভ্রমণ ও অবসরকালীন ব্যয়ও বাড়ছে। এর প্রভাব পড়ছে হোটেল, বিনোদন, রেস্তোরাঁ ও সংশ্লিষ্ট সেবার ওপর। তিনি বলেন, অক্টোবরে শুরু হওয়া রিয়াদ সিজন ভোক্তা ব্যয়ে আরও গতি আনতে পারে। বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজন ঘিরে সৌদির বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থী আসার পাশাপাশি বিদেশি পর্যটকরাও আকৃষ্ট হতে পারেন। এতে পর্যটননির্ভর কর্মকা- ও তেলবহির্ভূত অর্থনীতিতে আরও গতি আসতে পারে। শহরভিত্তিক হিসাবে ভোক্তা ব্যয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে রাজধানী রিয়াদ। সপ্তাহটিতে সেখানে ব্যয় হয়েছে ৪ দশমিক ৬৯ বিলিয়ন রিয়াল, যা আগের সপ্তাহের তুলনায় মাত্র ০ দশমিক ৫ শতাংশ বেশি। জেদ্দায় ব্যয় হয়েছে ১ দশমিক ৮৫ বিলিয়ন রিয়াল, যা বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে মক্কায় ভোক্তা ব্যয় বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ এবং মদিনায় ১০ শতাংশ। মদিনায় মোট ব্যয় দাঁড়িয়েছে ৫৩৬ দশমিক ০৩ মিলিয়ন রিয়াল। তালাত হাফিজের মতে, এক সপ্তাহের তথ্য দিয়ে রিয়াদের বাইরে ভোক্তা ব্যয় স্থায়ীভাবে সরে যাচ্ছেÑএমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। বরং ক্রীড়া, বিনোদন ও পর্যটনকেন্দ্রিক আয়োজনের কারণে দেশের বিভিন্ন শহর ও পর্যটনকেন্দ্রে ব্যয়ের গতি ছড়িয়ে পড়ছে। সামগ্রিকভাবে, সর্বশেষ এই পরিসংখ্যান সৌদি আরবে অভ্যন্তরীণ পর্যটন, বিনোদন ও অনুষ্ঠানকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকা-ের বিস্তারের একটি চিত্র তুলে ধরছে। একই সঙ্গে এটি দেশটির তেলনির্ভরতার বাইরে অর্থনীতিকে আরও বৈচিত্র্যময় করার প্রচেষ্টার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তথ্যসূত্র: আরব নিউজ।



