দিল্লির জন্তর মন্তরে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

প্রবাহ রিপোর্ট ঃ ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ-সমাবেশের নির্ধারিত স্থান হিসেবে আর থাকছে না জন্তর মন্তর। এর পরিবর্তে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির জন্য তিনটি নতুন স্থান নির্ধারণ করেছে দিল্লি পুলিশ। নতুন স্থানগুলো হলো রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ড। সামবার (১২ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার এ বিষয়ে নির্দেশনা জারি করেছেন। নির্দেশনায় বলা হয়েছে, এত দিন নির্ধারিত বিক্ষোভস্থল হিসেবে ব্যবহৃত জন্তর মন্তরের স্বীকৃতি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে নতুন তিনটি স্থানকে বিক্ষোভ ও সমাবেশের জন্য নির্ধারণ করা হয়েছে। নতুন স্থানগুলোতে কীভাবে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি আয়োজন করা যাবে, সে বিষয়ে আলাদা আদর্শ পরিচালন পদ্ধতি (এসওপি) প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ। ফলে নতুন স্থানগুলোতে কর্মসূচি আয়োজনের নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে আয়োজকদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি নাগরিকদের বিক্ষোভ ও সমাবেশের অধিকার বিবেচনায় বিকল্প স্থান নির্ধারণের বিষয়টি পর্যালোচনা করেছিল। সেই সুপারিশের ভিত্তিতেই নতুন স্থানগুলো চূড়ান্ত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী জোট ইন্ডিয়া এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের মধ্যে এ সিদ্ধান্ত এল। ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর) নিয়ে বিতর্কের জেরে দিল্লিতে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচি ও বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। দিল্লির কেন্দ্রীয় এলাকায় অবস্থিত জন্তর মন্তর দীর্ঘদিন ধরে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন দাবিতে আন্দোলনকারীদের পরিচিত বিক্ষোভস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। নতুন সিদ্ধান্তের ফলে রাজধানীতে বিক্ষোভ আয়োজনের জন্য নির্ধারিত স্থানগুলোর ব্যবস্থাপনায় পরিবর্তন আসছে। তথ্যসূত্র: এনডিটিভি, দ্য ইকোনমিক টাইমস।



