যশোরের প্রধান শিক্ষককে নির্যাতনের প্রতিবাদে সদর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

যশোর ব্যুরো : যশোর শহরের আদর্শ বহুমুধী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিনকে সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী কর্তৃক নির্যাতনের প্রতিবাদে ১৩ নভেম্বর সোমবার দুপুরে বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধনে অভিযোগ করা হয় বাবার অভিযোগ নিয়ে গেলেও থানা পুলিশ মামলা নিচ্ছেনা। বিদ্যালয়ের সভাপতি হতে প্রধান শিক্ষক নূরুল আমিনকে গত ৮ নভেম্বর সদর উপজেলার চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী নিজ বাড়িতে ডেকে নিয়ে দুইঘন্টা ধরে নির্যাতনের অভিযোগ উঠে । এমনকি উক্ত প্রধান শিক্ষককে হাসপাতালে চিকিৎসা নিতেও বাধা দেয়া হয়। পরের দিন তিনি স্কুলে গিয়েও বর্তমান সভাপতিকে অপমানিত করে বেরও করে দিয়েছেন বলে অভিযোগ। বিষয়টি গণমাধ্যমে শিরোনাম হলেও মামলা নেয়নি পুলিশ। এমতাবস্থায় শিক্ষক নির্যাতন ও মামলা না নেয়ার প্রতিবাদে ১৩ নভেম্বর সোমবার আদর্শ বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।



