বাগেরহাটের ফকিরহাট থেকে ৮ কেজি গাঁজাসহ দুই বিক্রেতা গ্রেফতার

গোয়েন্দা পুলিশের অভিযান
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে জেলার ফকিরহাট উপজেলা থেকে ৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক বিক্রেতাকে হাতে-নাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো খুলনার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের শহীদ গাজীর ছেলে মোজাহিদ গাজী (২৯) ও বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে তুহিন শেখ (৩৫)। গোঁপন খবরের ভিত্তিতে সোমবার ভোরে ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকার থেকে তাদের উক্ত গাজাসহ গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি স্বপন কুমার রায় জানান, গোপন সংবাদে জানতে পারি, ফকিরহাট থানার টাউন নওয়াপাড়ার মোড় থেকে মাদকের একটি বড় চালান হাত বদল হবে। এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে আমি নিজেই গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল নিয়ে ভোর রাত থেকে ওই এলাকায় সাদা পোশাকে অবস্থান করি। সকাল হতেই দুই যুবক মাদক দ্রব্য (গাঁজা) হাত বদলের চেষ্টা করলে হাতেনাতে ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটক মাদক বিক্রেতারা দীর্ঘদিন ধরে ঘটনাস্থলসহ বিভিন্ন থানা এলাকার বিভিন্ন পয়েন্টে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।


