মণিরামপুরে সাপের কামড়ে তরুণের মৃত্যু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরের পল্লীতে সাপের কামড়ে সাকিব হোসেন (২০) নামে এক তরুণ মারা গেছে । মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার এড়েন্দা গ্রামে এ ঘটনা ঘটে। সাকিব হোসেন রোহিতা ইউনিয়নের এড়েন্দা গ্রামের উত্তরপাড়ার মোশাররফ হোসেনের একমাত্র ছেলে। রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধায় নিজ বাড়ির সামনে নারিকেল গাছের নিচে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল সাকিব হোসেন। পাশেই ইঁদুরের ছোটাছুটি দেখতে পায়। একপর্যায়ে ইঁদুর ধরতে গর্তে হাত ঢুকিয়ে দেয় সাকিব। এসময় একটি বিষধর সাপ ওই তরুণের হাতের তর্জনী আঙুলে কামড় দেয়। তার চিৎকারে স্বজনরা তাকে এসে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। রাত সাড়ে ১০টার দিকে খুলনায় নেওয়ার পথে সাকিবের মৃত্যু হয়।



