সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ

খুলনা জেলা বিএনপি’র ৩দিনের কর্মসুচি
স্টাফ রিপোর্টার ঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (৩০ মে)। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে কিছু সেনাসদস্যের হাতে নিহত হন সে সময়ের রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। মাত্র ৪৫ বছর বয়সেই তিনি রাষ্ট্রপতি থাকাকালে সেনাবাহিনীর বিপথগামী সদস্যদের গুলিতে প্রাণ হারান। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান বীর উত্তম। জিয়াউর রহমানের দুই ছেলের একজন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আরেক সন্তান আরাফাত রহমান কোকো, যিনি ২০১৫ সালে মালয়েশিয়ায় মারা যান। বড় ছেলে তারেক রহমানের পরিবারের মতো লন্ডনেই বসবাস করছেন কোকোর পরিবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এঁর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালনে তিনদিনের কর্মসূচি নিয়েছে খুলনা জেলা বিএনপি। ঘূর্ণিঝড় রেমাল’র তান্ডবে উপকূলীয় জেলা হিসেবে খুলনায় দুর্গত মানুষের সাহায্যর্থে বিএনপি’র পক্ষ থেকে ত্রাণ বিতরণ কর্মসূচিও গ্রহন করা হয়েছে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা জিয়াউর রহমান নিহত হন। শাহাদাৎ বার্ষিকীর তিন দিন ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- ১ম দিনে বৃহস্পতিবার (৩০ মে) দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারন। নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে খুলনা জেলা ও মহানগর বিএনপি’র যৌথ উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় রূপসার নৈহাটী ইউনিয়নের পূর্ব রূপসা বাস স্ট্যান্ডে, বিকেল ৪টায় কুদির বটতলায়, বিকেল ৫টায় আইচগাতি ইউনিয়নের সেনেরবাজারে এবং সন্ধ্যা ৬টায় দিঘলিয়ায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হবে। এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। কর্মসূচির দ্বিতীয় দিনে ডুমুরিয়া, ফুলতলা ও বটিয়াঘাটা উপজেলায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হবে। ৩য় দিনে ২ জুন বিকেল ৩টায় প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে স্বাস্থ্য ও শিক্ষাখাতে শহীদ জিয়া বীর উত্তম এঁর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসব কর্মসুচি সফল করতে খুলনা জেলা, উপজেলা ও পৌরসভা, ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।



