রবিবার খালিশপুর ৭নং ওয়ার্ড বিএনপির সম্মেলন

# নগর বিএনপি সিদ্ধান্ত পরিবর্তনে বিরুপ প্রতিক্রিয়া #
স্টাফ রিপোর্টারঃ আগামী রবিবার খালিশপুর থানা ৭নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনকে কেন্দ্র করে ওয়ার্ডে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। মহানগর বিএনপি সিদ্ধান্ত পরিবর্তনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দলীয় নেতা-কর্মীদের মাঝে। নগরীর ৩১টি ওয়ার্ডে যখন বিএনপি আহবায়ক কমিটি গঠন করে তখন বলা হয়েছিল যারা কমিটির আহবায়ক হবেন তারা আগামীতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। কিন্তু সম্প্রতি মহানগর বিএনপি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। মহানগর বিএনপি এখন বলছে, আহবায়ক ইচ্ছা করলে সভাপতি পদে দাঁড়াতে পারবেন। এ ঘোষণা আসার পর দীর্ঘ দিন স্বপ্ন লালনকারী নেতাদের হিসাব নিকাশে জটিল হয়ে গেছে। তারপরও আশা ছাড়তে নারাজ নেতারা। তারা কর্মীদের পাশে গিয়ে ভোট প্রার্থনা করছে। সভাপতি পদে তিন জনের নাম শোনা যাচ্ছে, তারা হলেন ৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আলহাজ্ব রিয়াজ শাহেদ, যুগ্ম আহবায়ক লিটন খান ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কাজী আঃ লতিফ। বিগত দিনে প্রথম দু’জনই একই গ্রুপে ছিলেন। কিন্তু সম্মেলনকে কেন্দ্র করে দু’জন আজ এক অপরের প্রতিদ্বন্দ্বি হয়েছেন। আর সাঃ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, জাকির হোসেন, মুশফিকুর রহমান ইলিয়াস, শেখ সাদী ও শেখ তুহিন। সভাপতি প্রার্থী আহবায়ক আলহাজ্ব রিয়াজ শাহেদ বলেন, ভোটের মাধ্যমেই সম্মেলন হবে। তবে বিগত দিনে সুবিধা ভোগীদের ব্যাপারে ভোটাররা সর্তক থাকবেন। এই সুবিধা ভোগীরা আ’লীগের সাথে মিলেমিশে চলেছে। আরেক সভাপতি প্রার্থী লিটন খান বলেন, রবিবার সন্ধ্যায় ৭নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সম্মেলন হবে। ভোটের মাধ্যমেই নেতা নির্বাচিত হবে-এমনটাই তার আশা। সাঃ সম্পাদক প্রার্থী জাকির হোসেন বলেন, তিনি দীর্ঘ দিন বিএনপির রাজনীতির সাথে জড়িত। আহবায়ক কমিটির সদস্যরা বেশীর ভাগই একটি গ্রুপের লোক। এজন্য নির্বাচনে জিততে হলে কস্ট করতে হবে। আরেক সাঃ সম্পাদক প্রার্থী ইলিয়াস বলেন, মহানগর বিএনপির সিদ্ধান্তের কারণে কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এবার সিদ্ধান্ত পরিবর্তনের কারণে আগামীতে এমন সিদ্ধান্তের ব্যাপারে প্রভাব পড়বে বলে তিনি জানান। ওয়ার্ডে ভোটার হচ্ছেন ৩১ জন। এই ভোটাররাই নেতা নির্বাচন করবেন- এমনটাই আশা করছেন সাংগঠনিক সম্পাদক প্রার্থী হৃদয় হাশেম আসমত। তিনি বলেন, গত ১৭ বছর ধরে গণতন্ত্রের জন্য আন্দোলন করে আসছি। সেই আন্দোলনকারীদেরই সম্মেলন। এখন ভোটের কোন বিকল্প ভাবতে পারছি না।



