খালিশপুরে মাদক বিক্রেতাদের উৎখাত করল এলাকাবাসী

স্টাফ রিপোর্টার: এবার নগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী এলাকায় একাধিক মাদক মামলার আসামী ও মাদক ব্যবসায়ি ইউসুপ হাওলাদার ও তার দুই ছেলে মাদক বিক্রেতা ঈসমাইল হাওলাদার ও ঈসরাফিল হাওলাদারকে উৎখাত করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার সকাল এগারোটায় ঘটনাটি ঘটে। বিষয়টি নিয়ে প্রতক্ষ্যদর্শি স্থানীয় এলাকাবাসী বলেন, একাধিক মাদক মামলার আসামী ইউসুপ হাওলাদার ও তার দুই ছেলে দীর্ঘদিন যাবৎ এলাকায় গাজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল।তাদের বসতবাড়ী বাস্তহরা এলাকায় হলেও মাদক বিক্রি ঘাটি গেড়েছিল গোয়ালখালী এলাকায়। এছাড়া মাদক বিক্রি কারণে একাধিকবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় থানা পুলিশের কাছে মাদকসহ আটক হয়। পরবর্তিতে জামিনে বের হয়ে আবারও মাদক বিক্রি শুরু করে। এ নিয়ে গেল বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা তেল ব্যাবসায়ি মোঃ আবু ফয়সালের সাথে বাক বিতন্ডা তৈরি হয়। একপর্যায়ে সংঘর্ষ হয়। বিষয়টি সেনাবাহিনী পর্যন্ত গড়ায়। তবে গতকাল শুক্রবার হঠাৎ করে মাদক বিক্রেতা মোঃ ঈসরাফিল প্রায় অর্ধশত মাদক সেবীদের নিয়ে এলাকায় মহড়া দিতে থাকে। এক পর্যায়ে স্থানীয় এলাকাবাসী এক হয়ে তাদের প্রতিহত করে। ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে এলাকাবাসী ও মাদক বিক্রেতার সাথে সংর্ঘষ বাধলে মাদক বিক্রেতারা পিছু হঠতে বাধ্য হয়। তবে এখনও এলাকায় আতংক বিরাজ করছে। ষিয়টি নিয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, আমি বিষয়টি সম্পর্কে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। তবে শুনেছি মোঃ ইউসুপ ও তার দুই ছেলে মাদক বিক্রি করে এমনকি কয়েকবার থানা পুলিশ তাকে আটক করেছে। আমি বিষয়টি তদন্ত করছি যথাযথ আইনগত ব্যবস্থা নিব।



