খুলনায় ভোক্তা অধিকারের অভিযান

# ৩টি টিমের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩২ হাজার জরিমানা #
# সরকার নির্ধারিত মূল্যের বেশি মূল্য নিলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি #
স্টাফ রিপোর্টার ঃ বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কর্তৃক বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোক্তা অধিকারের ৩টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহনের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম’র নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার গল্লামারী মোড় এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা আরোপসহ আদায় করা হয়। যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে সদর উপজেলার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জমিমানা আরোপসহ আদায় করা হয়। নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান’র নেতৃত্বে কালিয়া ও সদর উপজেলার রঘুনাথপুর ও সিংগাশোলপুর বাজারে অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা আরোপসহ আদায় করা হয়। অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা আরোপসহ আদায় করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।


