সাংবাদিক হারুন অর রশিদ আর নেই ঃ মোড়েলগঞ্জে মায়ের কবরের পাশে দাফন

স্টাফ রিপোর্টারঃ সাংবাদিক হারুন অর রশিদকে বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা ব্যর্থ হল। চিকিৎসাধীন অবস্থায় তিনি চলে গেলেন না ফেরার দেশে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দুপুর ২টায় নগরীর আদদ্বীন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে যান। গত ২ ডিসেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৫ ও ৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৩ ডিসেম্বর কিডনি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে সোমবার আইসিইউতে ভর্তি করা হয়। সাংবাদিক হারুন অর রশিদ খুলনা প্রেসক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক নির্বাহী সদস্য ও দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার ছিলেন। খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান হিমালয় জানান, সিনিয়র সাংবাদিক হারুন অর রশীদের মরদেহ শনিবার বিকেলে গ্রামের বাড়ি মোরেলগঞ্জে নেওয়া হয়েছে। রাত ১০টায় বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বিশারিঘাটা গ্রামে নিজ বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে সাংবাদিক হারুনের লাশ দাফন করা হয় বলে জানান মরহুমের বোন খাদিজা পারভীন।



