স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় চিকিৎসক দম্পতির ওপর হামলা : আহত ৩

# মামলা ধামাচাপা দিতে দৌড়ঝাঁপ #

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার ডুমুরিয়ায় চিকিৎসক দম্পতি ডাঃ মো. আবদুল্লাহ ইউসুফ (৪২) ও ড. তাজিয়া সরদার (৩৮) এর ওপর হামলার ঘটনা ঘটেছে। তারা দুজনেই আমেরিকায় চিকিৎসা পেশায় যুক্ত ছিলেন। পরে দেশে ফিরে খুলনার ডুমুরিয়ায় ‘ব্যাক ইন মোশন ; আমেরিকান হেলথ এন্ড ওয়েলনেস’ নামে একটি চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করছেন। পুলিশ জানায়, হামলাকারীরা ওই প্রতিষ্ঠানের জমির একাংশের দখল নিতে দা, কুড়াল, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে তাদের ওপর আক্রমন করে। এতে চিকিৎসক দম্পতিসহ ৩ জন আহত হয়। তাদেরকে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় হাফাজ শেখ ও নাহিদ শেখসহ ৯ জনের নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় মামলা হয়েছে।
ডাঃ মো. আবদুল্লাহ ইউসুফ জানান, দীর্ঘ কয়েকবছর ধরে তারা এখানে শান্তিপূর্নভাবে অবস্থান করছেন। বর্তমানে জমিতে বালু ভরাটের কাজ চলছে। এরপর সেখানে চিকিৎসা কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হবে। কিন্তু প্রায় এক বছর ধরে হামলাকারীরা নানাভাবে তাদেরকে হয়রানী করছেন।
সর্বশেষ ৩০ ডিসেম্বর সীমানার বেড়া ভেঙ্গে ঢুকে লোহার রড ও শাবল দিয়ে তাদের ওপর হামলা করা হয়। এতে চিকিৎসক আবদুল্লাহ ইউসুফকে শারীরিক আঘাত ও ড. তাজিয়া সরদারকে লাঞ্ছিত করা হয়। হামলায় বাধা দিতে এসে তাদের গাড়িচালক শাহীন মিয়া (৩৬) গুরুতর জখম হয়। এসময় ভাংচুর করা হলে প্রায় দুই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়। এসব ঘটনায় চিকিৎসক দম্পতি আতংকগ্রস্ত হয়ে পড়েন। খবর পেয়ে খর্নিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেনসহ স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ইউপি চেয়ারম্যান দিদারুল হোসেন বলেন, চিকিৎসক দম্পতি এখানে চিকিৎসা কেন্দ্র গড়ে তুললে তা এলাকার মানুষের উপকারে আসবে। তাদের সহায়তার বদলে এ ধরনের হামলার ঘটনা দু:খজনক।
ডুমুরিয়া থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আক্তারুজ্জামান লিটন বলেন, প্রাথমিকভাবে খোঁজখবর নিয়ে জানা গেছে প্রতিষ্ঠানের যে অংশের জমির দখল নিতে হামলা চালানো হয়েছে, তার দলিল ও রেকর্ডপত্র চিকিৎসক দম্পতির নামে। এ ঘটনায় মামলার পর হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অপরদিকে স্থানীয় একটি প্রভাবশালী পক্ষ এটিকে জমিজমা সংক্রান্ত বিবাদ বলে মামলার বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। বিগত দিনে বিএনপির রাজনীতি থেকে বহিস্কৃত একটি পক্ষও আসামীদের রক্ষায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। তারা চিকিৎসক দম্পতির ওপর ঔদ্ধত্যপূর্ণ হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button