কেশবপুরে ৪ আগস্ট নৈরাজ্য সৃষ্টিকারী সেই যুবলীগ নেতাকে গণধোলাই

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে ৪ আগস্ট নৈরাজ্য সৃষ্টিকারী যুবলীগ নেতা ও পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবির হোসেনকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। গত ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা ওই যুবলীগ নেতাকে গত সোমবার রাত সাড়ে ৯ টার দিকে শহরের উপজেলা পাড়ায় দেখা গেলে স্থানীয় লোকজন তাকে গণধোলাই দিয়ে আহত করে। এ ঘটনার পর কেশবপুর থানা পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করেছে।পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল হালিম অটল ও স্থানীয়রা জানান, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন বেগবান করতে কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তে গত ৪ আগস্ট বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আন্দোলনে অংশগ্রহণ করতে ডিগ্রী কলেজ মাঠে অবস্থান করতে থাকি। এ সময় আন্দোলন ঠেকাতে তৎকালীন সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম আজিজের নির্দেশে তার প্রধান সহযোগী কবির হোসেন ও ভাই মফিজের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। হামলায় পৌর বিএনপির যুগ্ম- সম্পাদক আব্দুল হালিম অটল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ, পৌর ছাত্রদল দলের আহবায়ক খায়রুল ইসলাম, থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ওয়াহিদুর রহমান অন্তু, যুবদল নেতা আনিসুর রহমান বাবু, সমন্বয়ক মিরাজ হোসেনসহ ১০/১২ জন ছাত্র জনতা আহত হয়। ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন ঘটলে যুবলীগ নেতা কবির হোসেন আত্মগোপনে চলে যায়। সে শহরের উপজেলা পাড়াস্থ হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাস্টার শাহজাহানের বাসায় আত্মগোপনে থেকে গত কয়েক দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের সাথে কয়েক দফা গোপন বৈঠক করে পুনরায় নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এ খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে গণধোলাই দিয়ে আহত করে হাসপাতালে পাঠায়। পরে পুলিশ সেখান থেকে তাকে গ্রেফতার করে। ৪ আগস্ট সন্ত্রাসী হামলায় আহত আব্দুল হালিম অটল আরো বলেন, ৪ আগস্ট কবিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। তাদের হামলায় তার পাঁজরের একটি হাড় ভেঙ্গে যায়। চিকিৎসকরা তার চিকিৎসা শেষে চোখের বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পরামর্শ দেয়। তিনি চোখের ডাক্তার দেখালে তার চোখ পরীক্ষা নিরীক্ষা শেষে চোখ অপারেশন করতে হবে বলে চক্ষু চিকিৎসক মাহমুদুর রহমান তাকে জানান।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, কবিরের নামে ৫টি মামলা রয়েছে। তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।



