আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী আজ

# মহানগর ও জেলা বিএনপির দোয়া মাহফিল মোহামেডান স্পোর্টিং ক্লাব মিলনায়তনে #
স্টাফ রিপোর্টার ঃ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, অরাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী আজ (২৪ জানুয়ারি/২৫)। মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আজ শুক্রবার বিকাল ৪টায় খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে মোহামেডান স্পোর্টিং ক্লাব মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্তেকাল করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো। তার বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুকালে স্ত্রী সৈয়দ শর্মিলা রহমান সিঁথি, দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে গেছেন। মৃত্যুর চার দিন পর ২৮ জানুয়ারি তার লাশ দেশে আনা হয়। ওই দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
উল্লেখ্য, আরাফাত রহমান কোকোর জন্ম ১৯৬৯ সালে ঢাকায়। শিক্ষাজীবনে ঢাকার বি এফ শাহীন কলেজে লেখাপড়া করেন তিনি। ১৯৬৯ সালে জিয়াউর রহমান সপরিবারে ঢাকায় চলে এলে কিছুদিন জয়দেবপুরে থাকার পর বাবার চাকরির সুবাদে চট্টগ্রামের ষোলশহর এলাকায় বাস করেন। ২০০৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন আরাফাত রহমান কোকো। এ ছাড়া ওল্ড ডিওএইচএস ক্লাবের চেয়ারম্যান ছিলেন তিনি। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির মাধ্যমে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। ওই বছরের ৩রা সেপ্টেম্বর ভোরে সেনানিবাসের বাড়ি থেকে মা খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার হন আরাফাত রহমান কোকো। ২০০৮ সালের ১৮ই জুলাই চিকিৎসার জন্য সপরিবারে ব্যাংকক যান তিনি। এরপর চিকিৎসা শেষে মালয়েশিয়া চলে যান এবং সেখানেই সপরিবারে বসবাস করে আসছিলেন মৃত্যুর আগ পর্যন্ত।

