স্থানীয় সংবাদ

খুলনায় চাইনিজ প্যালেস রেস্টুরেন্টে হামলা-ভাঙচুর : সিসিটিভিতে চার যুবক

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর আহসান আহমেদ রোডের পিটিআই মোড়সংলগ্ন চাইনিজ প্যালেস রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল যুবক। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে চার-পাঁচজন যুবক রেস্টুরেন্টে ঢুকে চেয়ার ছুড়ে ও লাথি মেরে সামনের কাচ ভাঙচুর করে। এ সময় রেস্টুরেন্টের আসবাবপত্রও এলোমেলো করে দেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি। রেস্টুরেন্টের এক কর্মচারী জানান, ঘটনার সময় চারজন যুবক এসে চাইনিজ প্যালেসের অবস্থান জানতে চান। তাঁদের রেস্টুরেন্টটি দেখিয়ে দেওয়ার পরপরই তাঁরা ভাঙচুর শুরু করেন। সামনে থাকা চেয়ার ছুড়ে মারেন এবং লাথি দিয়ে কাচ ভেঙে ফেলেন। পরে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন। কেন এ হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি রেস্টুরেন্টের কর্মচারীরা। হামলাকারীদের পরিচয় কিংবা তাঁদের সঙ্গে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কোনো বিরোধ ছিল কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন রেস্টুরেন্টের কর্মচারীরা। হামলার সময় তাঁরা সেখানে উপস্থিত থাকলেও কেউ আঘাত পাননি। এদিকে, রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে চারজন যুবককে ভাঙচুর করতে দেখা গেছে। ফুটেজ দেখে তাঁদের বয়স আনুমানিক ২২ থেকে ২৪ বছর বলে ধারণা করা হচ্ছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, চাইনিজ প্যালেস রেস্টুরেন্টে ফোন দিলে ফোন ধরা হয় নাÑএ বিষয়কে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কিছু বখাটে যুবক এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগে খুলনা নগরীর সন্ধানী ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরপরই আরেকটি প্রতিষ্ঠানে এমন হামলার ঘটনায় নগরীর ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button