মোল্লাহাটে শিকারির ফাঁদে ১২শ অতিথি পাখি, পরে প্রশাসনের উপস্থিতিতে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বিলে অবৈধভাবে শিকার করে আটকে রাখা নানা প্রজাতির ১২শ পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী শুক্রবার বিকেলে উপজেলার গাওলা রাজপাট গ্রামের বিলের মধ্য থেকে অভিযান চালিয়ে এই পাখি উদ্ধার করা হয়। এ সময় চোরা শিকারিকে আটক করতে পারেনি উপজেলা প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আগেই পাখি শিকারি ও তার সহযোগিরা পালিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, শীতের মৌসুমে ঘের-বিলে পাখির কোলাহল বেড়ে যায়। আর এই সুযোগে এক শ্রেণীর লোভী পাখি শিকারীরা বিভিন্ন ধরনের ফাঁদ পেতে পাখি শিকার করেন। গোপন সংবাদের ভিত্তিতে পাখি শিকারের তথ্য পেয়ে আমরা গাওলা লোকালয় সংলগ্ন বিলে অভিযান পরিচালনা করি। একটি মৎস্য ঘেরের অস্থায়ী ঘরের মধ্যে বিশেষ জালে আটকে রাখা ঝুট শালিকসহ ১ হাজার ২০০ নানা প্রজাতির পাখি পাই। পরে আমরা পাখিগুলোকে খোলা আকাশে অবমুক্ত করি এবং ফাঁদ জব্দ করি। আমাদের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারীরা পালিয়ে যায়। তিনি আরও বলেন, আমাদের পৌঁছাতে দেরি হলে পাখি গুলি পাচার হয়ে যেতে। পাখি শিকারের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে নিয়মিত মামলা রুজু হবে এবং এদের আটকের অভিযান অব্যাহত থাকবে।



