ট্রেন বন্ধে ভোগান্তিতে খুলনায় যাত্রীরা

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে মঙ্গলবা থেকে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়ছেন খুলনার কয়েক হাজার যাত্রী। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে সোমবার মধ্যরাত থেকে এ কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার, গার্ড, টিটিই)। খুলনা রেলওয়ে স্টেশনে টিকিট করেও গন্তব্যে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা। টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে যাচ্ছেন তারা। অনেকে আবার বিকল্প পথে যাত্রা করছেন। রেলওয়ের নিরাপত্তা বাহিনীর হাবিলদার ওহিদ খান বলেন, মঙ্গলবার সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ আছে। যাত্রীদের অনেকে আসছেন। টিকিট কাউন্টার থেকে টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে যাচ্ছেন। স্টেশনে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন চাপাইনবাবগঞ্জ, নাটোর ও সান্তাহারের যাত্রীরা। এদিকে, রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হলেও খুলনায় সে বাসে কাউকে যেতে দেখা যায়নি। রেলওয়ের পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম বলেন, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশের ন্যায় রেলওয়ের পশ্চিম অঞ্চলেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু থাকলেও বাসে যাত্রীরা যাচ্ছেন এমন কোনো খবর এ অঞ্চলে নেই।



