খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন টানা তিন দিনের কর্মবিরতি প্রত্যাহার করেছে। প্রশাসনের আশ্বাসে বুধবার সকাল থেকে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। এর ফলে খুলনা, বাগেরহাট, যশোরসহ ১৬ জেলার ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়। তবে ব্যক্তি স্বার্থে তেল সেক্টরকে অস্থিতিশীল করার বিষয়টি ভালভাবে নিচ্ছে না জুলাই আগস্ট ধারণকারীরা। অবিলম্বে এসব অবৈধ আন্দোলনকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল কুমার সাহাসহ আরো অনেকে। খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আ’লীগের সক্রিয় কর্মী আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে গত ২৬ জানুয়ারি দুপুর থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। এ কারণে গত তিন দিন ধরে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও ১৬ জেলায় পরিবহন বন্ধ থাকে। তবে বুধবার সকাল ৮টা থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়। শ্রমিকরা জানান, খুলনায় চতুর্থ দিনে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও ১৬ জেলায় পরিবহন চলাচল শুরু হয়েছে। এদিকে বুধবার সকাল ৯ টার পর থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি স্বাভাবিক হয়।



