মোরেলগঞ্জে রাস্তায় ঝরল ভাইবোনের প্রাণ : শিশুসহ আহত ৩

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে যাত্রবাহী পরিবহন বাসের সাথে ব্যাটারি চালিত অটোরিক্সার মুখোমূখি সংঘর্ষে ভাইবোন নিহত হয়েছেন। এ সময় দুই মাস বয়সী শিশুসহ আরও ৩ জন অটোরিক্্রা যাত্রী আহত হয়েছেন। শনিবার বিকেলে মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈব্যজ্ঞ্যহাটি দোনা গ্রামের কালাম মোল্লার ছেলে মজনু মোল্লা (৪৫) মেয়ে সুমি আক্তার (২৮)। নিহতরা দুই ভাইবোন। আহতরা হলেন, নিহত সুমি আক্তারের দুই মাসের শিশু নুশরাত আক্তার মিলি, একই পরিবারে সিয়াম খাঁন(৩৫) ও ঝুমুর বেগম বেগম (৪৮)। মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান জানান, শনিবার বিকেলে শরণখোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পরিবহণ বাস মোরেলগঞ্জ উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত যাত্রীবাহী একটি অটোরিক্সার মুখোমূখি সংঘর্ষ হয়। এতে ব্যাটারি চালিত অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে দুই ভাইবোন ঘটনাস্থলেই মারা যান। অটোরিক্সায় থাকা দুই মাস বয়সী শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।



