আদম বেপারীর চাকরির ফাঁদে মোরেলগঞ্জের তিন পরিবার

# সংবাদ সম্মেলনে অভিযোগ #
মোরেলগঞ্জ প্রতিনিধি :
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতারিত তিনটি পরিবার আজ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে মোরেলগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রুনু বেগম, পিরোজপুরের ইন্দুরকানির মো. নাসির আকন এবং মোরেলগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. সোহেল প্রতারিত হওয়ার বিবরণ তুলে ধরেন। রুনু বেগম জানান, তার ছেলেকে ইতালিতে চাকরির আশ্বাস দিয়ে প্রতারক চক্রটি ধাপে ধাপে ১১ লাখ ৪৫ হাজার টাকা আত্মসাৎ করে। প্রথমে ভিসা প্রসেসিংয়ের নামে এক লাখ টাকা নেওয়া হয়, পরে ভিসা নিশ্চিতের অজুহাতে আরও ১০ লাখ টাকা আদায় করা হয়। কিছুদিন পর তার ছেলেকে দেওয়া হয় ভুয়া ভিসা, যা দূতাবাস যাচাই করে জাল ঘোষণা করে এবং পাসপোর্ট নিয়ে যায়।
কান্নাজড়িত কণ্ঠে রুনু বেগম বলেন, “আমি আমার সব সঞ্চয় ও ঋণের টাকা তুলে দিয়েছিলাম তাদের হাতে। এখন তারা টাকা ফেরত তো দিচ্ছেই না, উল্টো হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আমার কষ্টের টাকা ফেরতের দাবি জানাই।”
ভুক্তভোগী নাসির আকন বলেন, ইতালিতে চাকরির কথা বলে প্রতারকরা তার কাছ থেকে কিস্তিতে মোট ১৩ লাখ টাকা নেয়। পরে দেওয়া ভিসাটি ভুয়া প্রমাণিত হলে তিনি টাকা ফেরত চাইলে প্রতারকরা নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে। টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়েও নির্ধারিত সময়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। অন্য ভুক্তভোগী সোহেল জানান, প্রতারক চক্রটি তাকে ইতালি পাঠানোর কথা বলে ৫ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।পরে টাকা চাইতে গেলে ভয়ভীতি প্রদর্শন করা হয়। তারা প্রতারকদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আত্মসাৎ করা টাকা ফেরত দেওয়ার দাবি জানান।



