বাগেরহাটে ৫ মাসে ২৫টি ট্রান্সফরমার চুরি

আজাদুল হক,বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি অব্যাহত রয়েছে। গেল ৫ মাসে ২৫টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। অথচ, চোর চক্র অধরা রয়েছে। গত ১২ ফেব্রুয়ারী বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া এলাকা থেকে ১০ কেবিএর একটি ট্রান্স ফরমার চুরির ঘটনা ঘটে। ফলে ১৭ ফেব্রুয়ারী দুপুর পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ বিপর্যায় হয়। বাগেরহাটে একের পর এক ট্রান্সফরমার চুরির পর সংশ্লিষ্ট গ্রামের শত শত গ্রাহকদের দিনের পর দিন বিদ্যুৎবিহীন থাকতে হয়। আর্থিক ক্ষতিসহ ভোগান্তির শিকার হতে হয়। বিদ্যুৎ গ্রাহকরা বলছেন, প্রথমবার চুরি হলে ট্রান্সফরমারের অর্ধেক এবং দ্বিতীয়বার চুরি হলে ট্রান্সফরমারের সম্পূর্ণ মূল্য তাদের পরিশোধ করতে হচ্ছে, যা তাদের জন্য রীতিমতো জরিমানা। নতুন ট্রান্সফরমার পাওয়ার জন্য আবার গ্রাহককেই জরিমানা হিসেবে টাকা দিতে হচ্ছে। বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সূত্রে প্রকাশ গেল বছর অক্টোবর মাসে ৩টি, নভেম্বর মাসে ৫টি, ডিসেম্বর মাসে ১০টি, চলতি বছরের জানুয়ারি মাসে ৫টি এবং ফেব্রুুয়ারি মাসের ১২ তারিখ পর্যন্ত ২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরি হওয়া এসব ট্রান্সফরমার ৫ কেবিএ থেকে ৫০ কেবিএ পর্যন্ত, যার প্রতিটির মূল্য ৪২ হাজার থেকে ৬৮ হাজার টাকা পর্যন্ত। প্রতিটা চুরির ঘটনা সংশ্লিষ্ট থানা পুলিশে অভিযোগ করা হলেও চোর সনাক্ত বা চুরি যাওয়া ট্রান্সফরমার উদ্ধার হয়নি। বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালনা বোর্ডের সভাপতি মোঃ রোকনুজ্জামান খান বলেন, বিভিন্ন এলাকা থেকে প্রায়ই বিদ্যুতের ট্রান্সফরমার চুরির খবর আসছে। ট্রান্সফরমার চুরি হলে গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং ভোগান্তির শিকার হন। গ্রাহকরা বিদ্যুৎ সংযোগ নিয়ে নিয়মিত বিল পরিশোধ করে থাকেন। কিন্তু ট্রান্সফরমার চুরি হলে ওই ট্রান্সফরমারের মূল্য গ্রাহকদের দিতে হয় তবে গ্রাহকদের ক্ষতির কথা চিন্তা করে এই নিয়মের পরিবর্তন হওয়া দরকার বলেও জানান তিনি। বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) সুশান্ত রায় জানান, ট্রান্সফরমার চুরির সঙ্গে অবশ্যই দক্ষ লোক জড়িত। গত ৫ মাসে জেলার বিভিন্ন এলাকা থেকে সংযোগ চালু অবস্থায় ২৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে। চোর বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমারের ঢাকনা খুলে তার মধ্য থেকে মূল্যবান তামার তার চুরি করে নিয়ে যায়। আর ট্রান্সফরমারের বক্স ও তার মধ্যে থাকা অয়েল ও লোহার পাত ফেলে যায়। প্রতিটি ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় এজাহার করা হয়েছে কিন্তু একটি ট্রান্সফরমারও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বলেন, ট্রান্সফরমার চুরি একটি জটিল বিষয়। প্রত্যন্ত অঞ্চলে থাকা এসব ট্রান্সফরমারের কোনো প্রটেকশন নেই। ট্রান্সফরমার চুরির ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে কয়েকজন কে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া কিছু ক্লু নিয়ে পুলিশ কাজ করছে।



