খুলনায় বিপুল পরিমান মাদক ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ইয়াবা, গাজা ও ফেনসিডিল এবং নগদ টাকাসহ গালিব হাসান খান (৩৯) নামে এক মাদকের ডিলারকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ২২ হাজার ৮০০ টাকা, ৪ হাজার ৭৮৫ পিস ইয়াবা, ২৩ বোতল ফেনসিডিল ও ১০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে
খুলনা মহানগরী রায়ের মহল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মো: মিজানুর রহমান এর তত্ত্ববধানে ও ‘ক’ সার্কেলের পরিদর্শক মো: আব্দুর রহমান এর নেতৃত্বে একটি টিম মঙ্গলবার দুপুরে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক বিক্রেতা গালিব হাসান খানকে উক্ত মাদকসহ আটক করা হয়। সে ওই এলাকার বাসিন্দা খান আছাফুর রহমান এর পুত্র। ‘ক’ সার্কেলের পরিদর্শক মো: আব্দুর রহমান বলেন, গ্রেফতারকৃত গালিব এলাকায় চিহিৃত মাদক ব্যবসায়ী ও মাদকের ডিলার। সে দীর্ঘদিন ধরে খুলনায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।



