খুলনা মহানগর বিএনপির সম্মেলন ২০২৫ : উজ্জীবিত নেতাকর্মীরা

# ব্যস্ত সময় পার করছেন ২১ উপ-কমিটি #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সম্মেলন ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খুলনা মহানগর বিএনপিতে ব্যাপক প্রস্তুতি। উজ্জীবিত হয়ে উঠেছেন দলীয় নেতাকর্মীরা। প্রতিদিনই হচ্ছে প্রচার মিছিল। মঞ্চনির্মাণ, সাজসজ্জায় প্রস্তুতি নিচ্ছেন নেতারা। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সম্মেলন ও কাউন্সিলের স্থান পরিদর্শন করেন নেতৃবৃন্দ। তারা মঞ্চ নির্মাণের অগ্রগতিসহ সার্বিক বিষয় খোঁজ খবর নেন। এছাড়া সম্মেলন সফল করতে গঠিত ২১টি উপ কমিটির কর্মকান্ডের অগ্রগতি নিয়ে বেলা ২টায় নগরীর ওয়েস্টার্ন ইন হোটেললে বসেছিলেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও উপ কমিটির আহবায়কবৃন্দ। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচিত কমিটির মেয়াদ উত্তীর্ণের প্রায় ১৪ বছর পর মহানগর বিএনপির কমিটি ভেঙে ২০২১ সালের ৯ডিসেম্বর ৩সদস্যের আহবায়ক কমিটি ও ১ মার্চ ২০২২সালে ৭১ সদস্যের পুর্নাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্র। এতে বিএনপির বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এড. শফিকুল আলম মনাকে আহবায়ক, সাবেক মহানগর ছাত্রদল ও যুবদলের সভাপতি শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করা হয়। দলের শীর্ষনেতারা বলছেন, ফ্যাসিস্ট সরকার দমন পীড়ন, হামলা-মামলা, কারাবাসের মধ্যেও আহবায়ক কমিটি নগরীর ৩৪টি ওয়ার্ড-ইউনিয়ন, ৫টি থানা ভোটের মাধ্রমে গঠন করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মাসুদ হোসেন রনিকে আহবায়ক, ডা. রফিকুল হক বাবলু, এড. হালিমা আক্তার খানম ও অধ্যা. সাইদুর রহমানকে সদস্য করে ৪সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবীর রিজভী এ কমিটির অনুমোদন দেন। এদিকে সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে। সভাপতি পদে ৩ নেতা , সাধারণ সম্পাদক পদে ৩ নেতা ও সাংগঠনিক সম্পাদক ৬ নেতা অংশগ্রহন করেছেন। সম্মেলনে ৫০৫ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।
বিএনপি মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন জানান, ২৪ ফেব্রুয়ারি খুলনা সার্কিট হাউজে খুলনা মহানগর বিএনপির ‘স্মরণকালের সেরা’ সম্মেলন হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১০টায় পবিত্র কোরআন তেলওয়াত ও গীতাপাঠের মধ্যদিয়ে প্রথম পর্বে সম্মেলন শুরু হবে। তারপর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আতিথিবৃন্দের আসন গ্রহন, জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন, উদ্বোধনী বক্তব্য, বিশেষ অতিথির বক্তব্য, প্রধান বক্তার বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য ও প্রথম অধিবেশনে সভাপতির সমাপনি বক্তব্যে মধ্যে দিয়ে প্রখম অধিবেশন শেষ হবে। বিকাল সাড়ে তিনটায় দ্বিতীয় অধিবেশন কাউন্সিল খুলনা জেলা স্টেডিয়ামের জিমনেশিয়াম ভবনে অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, এদিকে কাউন্সিল চলবে এবং সার্কিটহাউজের সম্মেলনস্থলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানায়, কাউন্সিলর, ডেলিগেট, আমন্ত্রিত অতিথিসহ প্রায় ১০ হাজার নেতাকর্মীর সমাগম হবে খুলনা সার্কিটহাউজ মাঠে। ইতিমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আরো জানান, সম্মেলনের সর্ববিষয়ে মনিটরিং করছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।



