খুলনার চালের বাজারে হঠাৎ করে হ্যান্ডলিং শ্রমিকদের কর্মবিরতি : ভোগান্তিতে ক্রেতারা

স্টাফ রিপোর্টার : কোন ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করেই খুলনার চালের বাজারে হ্যান্ডলিং শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছেন। ফলে বাজারে চাল কিনতে এসে ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে যারাই আগে থেকে চাল কিনতে বড় বাজারে গিয়েছেন তাদেরকেই পড়তে হয়েছে এমন ভোগান্তিতে। আগে থেকে কোন আলটিমেটাম না দিয়ে দফায় দফায় আলোচনার এক পর্যায়ে হঠাৎ করেই কর্মবিরতির ফলে ভোগান্তি আরও বেড়েছে মানুষের।
এদিকে, খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বলেন, শ্রমিকরা কর্মবিরতি করেনি। তারা একযোগে সকালে ইউনিয়ন অফিসে এসেছিল। তাদের সাথে ইউনিয়ন নেতৃবৃন্দের বৈঠক শেষে পথসভার মধ্যদিয়ে তাদেরকে কাজে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে। পাশাপাশি মালিক পক্ষের সাথে আলোচনাও চলবে। তিনি আশা করেন, রমজানের আগেই যাতে মজুরি বৃদ্ধির দাবিটি বাস্তবায়ন হয়। তাহলে আর রমজানের মধ্যে কোন আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হবে না।
সংশ্লিষ্ট অপর একটি সূত্র বলছে, বিগত ৪/৫ দিন যাবৎ খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ-১২১২) নেতবৃন্দের সাথে খুলনা ধান চাল বণিক সমিতির দফায় দফায় শ্রম-মজুরী চুক্তি নবায়ন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত ২৪ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত বৈঠক হয়। বৈঠকে ধান চাল বণিক সমিতির নেতৃবৃন্দের পাশাপাশি ১২১২ ইউনিয়নের নেতৃবৃন্দ এবং হ্যান্ডলিং শ্রমিক সর্দারগণ উপস্থিত ছিলেন। খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শামিম খানের প্রস্তাবে সভাটি মুলতবী করা হয়। পরদিন মঙ্গলবার সময় নির্ধারন করে শ্রমিক নেতৃবৃন্দ পূন:রায় বৈঠকটি আয়োজনের জন্য প্রস্তাব দেওয়ার কথা বলা হলেও কোনরকম পূর্ব ঘোষণা ছাড়াই তারা হঠাৎ করে কাজ বন্ধ করে দেয়। এটি শ্রম আইন লংঘন বলেও মনে করছেন বণিক সমিতির নেতারা। এ প্রসঙ্গে বণিক সমিতির নেতারা মনে করছেন, এতে বাজারে চালের সরবরাহ বিঘিœত হবে এবং বাজারে চালের মূল্য অস্থিতিশীল হওয়ার আশংকা রয়েছে।
তবে যেহেতু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বলছেন শ্রমিকদের কোন কর্মবিরতি চলছে না সেহেতু বিষয়টি নিয়ে আরও ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি বলছেন, তারা সাধারণ শ্রমিকদের চাপের মধ্যে আছেন। মালিকদের উচিত একেবারে কষ্ট করে পয়সা নেওয়া শ্রমিকদের বিষয়টি যাতে মানবিকভাবে দেখা হয়।



