রূপান্তরের আয়োজনে মানব পাচার প্রতিরোধে স্কুল পর্যায়ে ক্যাম্পইন

খবর বিজ্ঞপ্তি : মানব পাচার একটি জঘন্য কাজ। একটি সংঘবদ্ধ গোষ্ঠীর প্রতারণার কারণে এ দেশের সহজ সরল গ্রামীণ জনগোষ্ঠীর মানুষ প্রায়ই মানব পাচারের মত একটি অনৈতিক কর্মকান্ডের শিকার হচ্ছে। এতে একাধারে দেশের ভাবমুর্তি যেমন ক্ষুন্ন হচ্ছে অন্যদিকে বাংলাদেশের সম্ভাবনাময় জনশক্তি খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনি একটি বাস্তবতায় উন্নয়ন সংগঠন রূপান্তর সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মধ্যে মানব পাচার ও নিরাপদ অভিবাসনে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারাভিযানসহ নানা ধরণের কার্যক্রম বাস্তবায়ন করছে। এই প্রচারাভিযান কার্যক্রমের ধারাবাহিকতায় রূপান্তর ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে রেলওয়ে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রচারাভিযান কার্যক্রম পরিচালনা করে। কর্মসূচীর শুরুতে অত্র প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক বীণা পাণি পাল শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। মানব পাচার ও নির্যাতনকে অন্যায় ও অপরাধ হিসেবে গণ্যসহ মানব পাচারের শিকার নারী-পুরুষকে সম্মান দেখানোসহ তাদের মর্যাদা ও স্বনির্ভরতার লক্ষ্যে সহযোগিতা করতে সচেষ্ট থাকার বিষয়ে শিক্ষার্থীরা শপথ গ্রহণ করে। শপথ গ্রহণ শেষে ভিডিও ডক্যুমেন্টারি ও মানব পাচার রোধে সক্রিয় কর্মীদের দ্বারা নির্মিত নাটক ‘স্বপ্ন’ উপস্থাপিত হয়। সমাপনী পর্বে প্রকল্পের প্রোগাম অফিসার মোঃ মোশারেফ আলী সোহেলের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনিয়া রহমান, সহকারী প্রধান শিক্ষক বীণা পাণি পাল। প্রকল্পের প্রোজেক্ট কো-অর্ডিরেটর সুবল ঘোষ টুটুল। অনুষ্ঠান শেষে প্রচারাভিযান সম্পর্কিত কুইজ পর্বে সঠিক উত্তর দিয়ে হাবিবা, মৌসুমী, স্মৃতি, পায়েল, শারমীন, সুমাইয়া, মীম, তারিন ও তমা আক্তার বিজয়ী হন।



