যশোর খোলাডাঙ্গায় পুকুরে ডুবে এক শিশুর সলিল সমাধি

যশোর ব্যুরো ঃ খেলা করার সময় যশোর শহরের খোলাডাঙ্গা এলাকায় পুকুরের পানিতে পড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। অসাবধানতার কারণে শিশুটি র মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। মৃত শিশু দ্বীন ইসলাম যশোর শহরের খোলাডাঙ্গা গুনিপাড়া এলাকার শাহাজালাল ওরফে বাবুর পুত্র। শিশুর মামা মানিক ও প্রতিবেশী অন্তর সহ এলাকাবাসী জানিয়েছেন, শাহজালাল ওরফে বাবু চুয়াডাঙ্গায় একটি ব্যাংকে চাকরি করেন এবং সেখানেই ভাড়া থাকেন। স্ত্রী অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ছেলে দ্বীন ইসলামকে নিয়ে বাড়িতে আসেন শাহজালাল বাবু। গতক বৃহস্পতিবার সকাল দশটার দিকে অসুস্থ জনিত কারণে মুক্তি খাতুন ঘরে শুয়ে ছিলেন। এ সময় শিশু দ্বীন ইসলাম উঠানে খেলা করছিল। খেলা করার এক পর্যায়ে অবুঝ শিশু দ্বীন ইসলাম ঘরের পাশে পুকুরের ভিতর পড়ে গেলে পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে দ্বীন ইসলামকে না পেয়ে বাড়ির লোকজন খোঁজ করতে থাকে। খুঁজতে খুঁজতে বেলা সাড়ে ১১ টার দিকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে এবং দুপুর ১২টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনেন। এ সময় জরুরী বিভাগ কর্তব্যরত চিকিৎসক সুজায়েত হোসেন শিশু দ্বীন ইসলামকে মৃত ঘোষণা করেন।



