স্থানীয় সংবাদ

রূপসায় ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ

# থানায় লিখিত অভিযোগ #

স্টাফ রিপোর্টার : পূর্ব রূপসায় এক ব্যবসায়ীর মৎস্য ঘরে পেট্রোল বোমা নিক্ষেপ করার অভিযোগ উঠেছে। এমনকি ওই ব্যবসায়ীকে খুন জখম ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার হুমকিও প্রদান করা হয়। মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক ১২ টা ২০ মিনিটে উপজেলার নৈহাটী ইউনিয়নের পূর্ব রূপসা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কের বাগেরহাট ও সাকিব ফিসের সীমানার ভিতরে এ ঘটনা ঘটেছে। ওই রাতে রূপসা থানা ও স্থানীয় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ২৭ মার্চ ব্যবসায়ী হাফিজুর রহমান চিহৃিত দুই উশৃংখল যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, ২৪ মার্চ রাতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কে অবস্থিত বাগেরহাট ও সাকিব ফিসের মৎস্য ব্যবসায়ী মো. হাফিজুর রহমান তার মাছ ঘর থেকে বের হয়ে মেইন গেটের দিকে যাওয়ার মুহুর্তে হটাৎ বাগমারা এলাকার চিহৃিত মাদক ব্যবসায়ী সোহেল বেপারি ওরফে বোবা সোহেল (৩২) ও মুনতাইম শেখ (২৫) তাকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। কিন্তু ভাগ্যক্রমে পেট্রোল বোমাটি ব্যবসায়ী হাফিজের গায়ে না লেগে মৎস্য ঘরের দেওয়ালে লেগে বিস্ফোরিত হয়। এব্যাপারে রূপসা বাসস্ট্যান্ড ফাঁড়ি পুলিশের আইসি নকীব ইকবাল বলেন, বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি পেট্রোল বোমার টুকরো কাচের বোতল। রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে।তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button