খুলনায় দল গঠনের চ্যালেঞ্জ এনসিপি’র সামনে

স্টাফ রিপোর্টার ঃ দল গঠনের চ্যালেঞ্জ এখন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সামনে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে খুলনা মহানগর ও জেলায় সাংগঠনিক রূপ দেওয়ার জন্য চলছে সদস্য সংগ্রহ অভিযান। ২২ রোজায় ইফতার মাহফিলের মধ্য দিয়ে বিভাগীয় সদর খুলনায় তাদের আত্মপ্রকাশ ঘটেছিল। ঈদে গণঅভ্যূত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ, কবর জিয়ারত ও নানা সাংগঠনিক তৎপরতা চলেছে তাদের।
জানা গেছে, ইনকিলাব জিন্দাবাদ ও সেকেন্ডরি পাবলিক শ্লোগান দিয়ে গত ২৮ ফেব্রুয়ারী জাতীয় সংসদ প্রাঙ্গণে আত্মপ্রকাশ ঘটে জাতীয় নাগরিক পার্টির। ওই দিন খুলনা থেকে ৫০টি বাস যোগে জুলাই-আগস্ট বিপ্লবে অংশ নেওয়া অনুসারীরা ঢাকায় যান। এরপর খুলনায় দু’হাজার মানুষের ইফতার আয়োজন করে নিজেদের আত্মপ্রকাশ ঘটান। ইফতারে বিএনপি, জামায়াতেইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম ও ইমাম পরিষদের নেতৃবৃন্দকে দাওয়াত দেয়া হয়। এছাড়াও দলের কর্মী, সংগঠক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওয়ার্ড ও থানা পর্যায় থেকেও আমন্ত্রিতরা এতে অংশ নেন। এনসিপি খুলনার প্রধান সংগঠক আহম্মেদ হামিম রাহাত বলেন, রোজায় ইফতার মাহফিলের মাধ্যমে আমরা প্রকাশ্য তৎপরতা শুরু করি। ঈদে আমরা জুলাই অভ্যূত্থানে শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারত করেছি। তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছি। আন্দোলনের অন্যতম সাথী হাসান ভাই, যিনি পরে সড়ক দূর্ঘটনায় মারা যান তার পরিবারের কাছে গিয়েছি। আমাদের লক্ষ্য এখন দলকে গড়ে তোলা।
হামিম রাহাত বলেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। বড় দুই রাজনৈতিক দল মাঠে রয়েছে। তাদেরকে মোকাবেলা করে সংগঠন দাঁড় করাতে হবে। আমরা নতুন মূখএবং ক্লিন ইমেজের মানুষ দলের সাথে সম্পৃক্ত করছি। গুরুত্ব দিচ্ছি সমাজের বুদ্ধিজীবী শ্রেণীকে। গুণীজন, সমাজকর্মী, পেশাজীবী এবং শ্রমজীবী মানুষ আমাদের সংগঠনে থাকবেন। তাদের সাথে আমাদের নীবিড় যোগাযোগ চলছে।
এনসিপি’র ইফতারে পতিত আওয়ামীলীগের থানা ও ওয়ার্ড পর্যায়ের বেশ কিছু কর্মী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন অনেক প্রত্যক্ষদর্শী। তারা চেষ্টা করছেন নতুন এই দলে যোগ দিতে। এ প্রসঙ্গে জানতে চাইলে রাহাত বলেন, আসলে অনেক বড় আয়োজন ছিল। ফলে ওই মুহুর্তে সবার পরিচয় জানা সম্ভব ছিলনা। পরে এ নিয়ে কিছু অভিযোগ পাই। দল গঠনের সময় তারা কোন সুযোগ পাবেনা। সম্প্রতি খুলনায় আত্মগোপনে থাকা অবস্থায় গাজীপুরের এক আওয়ামীলীগ নেতাকে অপহরণ ও কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার হয়েছেন ইমন মোল্লা। জানা গেছে, ইমন মোল্লা এনসিপি’র সাথে সম্পৃক্ত দায়িত্বশীল নেতাদের ঘনিষ্ঠ আস্থাভাজন। এ ঘটনায় দলের অভ্যন্তরে রয়েছে নানা গুঞ্জন ও ক্ষোভ। খুলনায় এনসিপি’কে দাঁড় করাতে কাজ করছেন আহম্মেদ হামিম রাহাত, মিনহাজুল আবেদীন সম্পদ, আল শাহারিয়ার, সাজিদুল ইসলাম বাপ্পী, রমজান শেখ, সাইফ নেওয়াজ, মুশফিক সামস্ মেনান, মো.সাইফুল ইসলাম প্রমুখ।



