মোংলায় এবার এনসিপির নেতা-কর্মীদের বিরুদ্ধে বিএনপির মামলা দায়ের

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোংলা বন্দর উপজেলায় বিএনপির ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে এনসিপির মামলা দায়ের করার পর এবার এনসিপির নেতা-কর্মীদের বিরুদ্ধে কাউন্টার মামলা করেছে বিএনপি। যা নিয়ে গোটা মোংলা বন্দর এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এনসিপি’র মোংলার শ্রমিক সংগঠনের নেতা মোঃ তিতুমীর চোকদার বাদী হয়ে মঙ্গলবার রাতে মোংলা থানায় সাবেক মেয়র মোঃ জুলফিকার আলীসহ বিএনপির ২২ নেতা কর্মীর বিরুদ্ধে একটি মামলাটি দায়ের করেন। তীতুমির চোকদারের অভিযোগ, গত এপ্রিল মাসে মোংলায় শ্রমিক সংগঠনের একটি অনুষ্ঠানে বিএনপি-সমর্থিত একটি পক্ষ হামলা চালিয়ে মঞ্চ ভাংচুর, মারধর ও নারী নেত্রীকে শ্লীলতাহানির মতো ঘটনা ঘটায়। মামলায় মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলীকে প্রধান আসামী করা হয়েছে। তিতুমীর চোকদারের এজাহার অনুযায়ী মোংলা থানা পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল শ্রমিক সংগঠনের সভার প্রস্তুতি চলাকালে হামলার সূত্রপাত হয়। পরদিন ২৯ এপ্রিল শহরের শ্রমিক সংঘ চত্বরে এনসিপি ও বিএনপি-সমর্থিত শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন শ্রমিক আহত হন। ঘটনার তিন সপ্তাহ পর এসে মামলাটি দায়ের করা হয়। দলটির মোট ২২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, যা নিয়ে মোংলা শহরের রাজনৈতিক অংগন আরও উত্তপ্ত করে তুলেছে। মামলায় প্রধান আসামি মোঃ জুলফিকার আলী, যিনি বর্তমানে মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে আছেন। তার পাশাপাশি একাধিক যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার পরপরই বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় স্থানীয় বিএনপির মধ্যে। মামলার প্রতিবাদে বুধবার দুপুরে মোংলা প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলন করে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ এমরান হোসেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, “মামলাটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। জুলফিকার আলীর জনপ্রিয়তা ও বিএনপির ভাবমূর্তি নষ্ট করতেই এ মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই মামলা দ্রুত প্রত্যাহার করা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। মঙ্গলবার রাত এবং বুধবার বিকেলে শহরের বিভিন্ন স্থানে দুই দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে বিএনপি। এতে করে শহরের রাজনৈতিক পরিবেশ আরও অস্থির হয়ে ওঠে। বর্তমানে মোংলা শহরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে বলে জানান মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন। এ দিকে বুধবার রাতে বিএনপির পক্ষ থেকে আদম আলী শেখ বাদী হয়ে এনসিপি নেতা তীতুমীর চোকদার কে প্রধান আসামী করে আরো ১৫/২০ জনের বিরুদ্ধে পাল্টা একটি মামলা করেছেন। মামলায় কোন আসামী গ্রেফতার নাই বলে মোংলা থানা পুলিশ জানায়।



