খুলনায় ভোক্তা অধিকারের কঠোর অভিযান

# ১২ টি প্রতিষ্ঠানকে ৮১ হাজার টাকা জরিমানা #
# জনস্বার্থে অভিযান অব্যহত রাখার আশ^াস সংশ্লিস্টদের #
স্টাফ রিপোর্টার : খুলনার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রন রাখতে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় সমূহ নিয়মিত বাজার তদারকিসহ অভিযান অব্যহত রয়েছে। ওই ধারাবাহিকতায় রবিবার (২২ মে) ভোক্তা অধিকারের ৯ টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে গেছে, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার নিউমার্কেট বাজার এলাকায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে গোল্ডেন কিচেনকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারীপরিচালক দিনারা জামানের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার নিউমার্কেট বাজার এলাকায় অভিযান চালিয়ে চিজি রেষ্টুরেন্টকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করা এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদের নেতৃত্বে সদর উপজেলার কলেজ মোড় ও চৌরংগী মোড় এলাকায় অভিযান চালিয়ে মেসার্স মোল্লা স্টোরকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার মেহেদবাগ রসুলপুর বাজার এলাকায় অভিযান চালিয় মুঈন ভ্যারাইটিজ স্টোরকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানার নেতৃত্বে মোড়লগঞ্জ উপজেলার দৈবহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে দিহিদার বেকারিকে খাদ্য দ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহেরের নেতৃত্বে সদর উপজেলার আমতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিন ট্রেডার্সকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৭ হাজার টাকা ও জননী স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার যাদবপুর ও বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স সাদিয়া এন্টার প্রাইজকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার চৌরাস্তা বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে হাট বাজারকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলীর নেতৃত্বে মিরপুর উপজেলার হালসা বাজার এলাকায় অভিযান চালিয়ে রঞ্জিম ট্রেডার্সকে যথাযথ পন্য সরবরাহ না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১২ হাজার, সাকিল কসমেটিকসকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১ হাজার টাকা এবং মডার্ণ কসমেটিকসকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ২ টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেন সংশ্লিষ্টরা। অভিযানে ১২ টি প্রতিষ্ঠানকে ৮১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা-অধিকার খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মাদ সেলিম জানান, খুলনার বাজারে আমাদের নিয়মিত তদারকিসহ অভিযান অব্যহত আছে। ভোক্তার অধিকার লঙ্ঘিত করলে ওই ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসাবে জরিমানা আরোপসহ আদায় করা হচ্ছে। খুলনার বাজার সমূহে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সরকার প্রদত্ত নিয়মনীতির বাইরে ব্যবসা পরিচালনা করলে তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। জনস্বার্থে আমাদের কার্যক্রম চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।



