কয়রা বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনা জেলার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসার নবগঠিত ম্যানেজিং কমিটি নিয়ে ওঠা সকল অভিযোগকে ভিত্তিহীন, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে কঠোর প্রতিবাদ জানিয়েছেন কমিটির সভাপতি ফাতেমা খাতুন। তিনি মাদ্রাসার দাতা পরিবারের পুত্রবধূ এবং বিপুল ভোটে নির্বাচিত সভাপতি। শনিবার সকাল ১০টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও সুপার মাওলানা একেএম আজহারুল ইসলাম সশরীরে উপস্থিত হয়ে এই প্রতিবাদ জানান। মাদ্রাসার সুষ্ঠু পরিচালনাকে ব্যাহত করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহলের ‘ষড়যন্ত্রের জাল’ ছড়ানোর অভিযোগ এনে ফাতেমা খাতুন দৃঢ় কণ্ঠে বলেন, “বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসার বর্তমান কমিটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সকল বিধি-বিধান ও প্রজ্ঞাপন মেনেই গঠিত হয়েছে। মাদ্রাসার শত শত কোমলমতি শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাই আমাদের একমাত্র অঙ্গীকার, কোনো ষড়যন্ত্রই সেই পথে বাধা দিতে পারবে না।” সংবাদ সম্মেলনে কমিটির নির্বাচন প্রক্রিয়া এবং সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে তোলা অভিযোগের বিস্তারিত খ- করা হয়। অভিযোগকারীদের দাবিকে সরাসরি অসত্য বলে উড়িয়ে দিয়ে সভাপতি জানান, অভিভাবক সদস্য নির্বাচিত হওয়ার পর সভাপতি নির্বাচনে তিনজন প্রার্থী অংশগ্রহণ করেন এবং আটজন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচনের ফলাফলে তিনি (ফাতেমা খাতুন) ৬ ভোট, ফেরদৌস হোসেন পলাশ ১ ভোট ও মাওলানা গোলাম সরোয়ার ১ ভোট পান। তিনি জোর দিয়ে বলেন, বিদ্যমান প্রবিধান মেনেই সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করা হয়েছে। “ভোটার তালিকায় একই নামের একাধিক ব্যক্তির উপস্থিতিকে সুপার মাওলানা আজহারুল ইসলাম একটি ‘সাধারণ প্রশাসনিক ত্রুটি’ হিসেবে ব্যাখ্যা করেন।



