স্থানীয় সংবাদ

আপনারা নিশ্চিন্তে আমাকে ভালো কাজে ব্যবহার করুন

: জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট এর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত করেন। এই সাক্ষাৎকারের মূল উদ্দেশ্য ছিল খুলনা জেলায় তামাক নিয়ন্ত্রণের প্রেক্ষাপট ও বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা। সাক্ষাতে জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার বলেন, “খুলনা জেলার সকলের নিকট আমার একটাই অনুরোধ- আপনারা নিশ্চিন্তে আমাকে ব্যবহার করুন। ভালো কাজে আমাকে সবসময় পাশে পাবেন; যেখানে অনিয়ম বা অপরাধ হচ্ছে, আমাকে অবিলম্বে জানাবেন, আমি অবশ্যই ব্যবস্থা নেব।” তিনি বিশেষভাবে উল্লেখ করেন, তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গের ঘটনা যেগুলো বাড়ছে- যেমন স্কুল-কলেজ শিক্ষার্থীদের ধূমপান, সেসব ক্ষেত্রে মোবাইল কোর্ট ও জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে নিরুৎসাহিত করার জন্য প্রশাসন মনিটরিং বৃদ্ধি করবে। জেলা প্রশাসক আরও বলেন যে অভিভাবকদেরও বিশেষ দায়িত্ব রয়েছে: তাদের সন্তানের সঙ্গে কারা মিশছে, তারা ধূমপান করছে কিনা- এই বিষয়গুলোর দিকে তাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ, ধূমপানই প্রায়শই অন্যান্য মাদকের প্রবেশ পথ হিসেবে কাজ করে। প্রতিনিধি দলের তরফ থেকে উল্লেখ করা হয় যে, খুলনা জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে গঠিত জেলা টাক্সফোর্স কমিটি জাতীয়ভাবে তিনবার শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেছে; এর মধ্যে ২০১৫, ২০২৩ এবং ২০২৪ সাল বিশেষভাবে গুরত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেছেন যে জেলা প্রশাসকের আন্তরিক সমর্থন আরও শক্তিশালী করবে জেলা জুড়ে তামাকবিরোধী কার্যক্রম। জেলা প্রশাসক তাঁর অঙ্গীকারের পুনরাবৃত্তি করেন যে প্রশাসন সব দিক থেকে সহযোগী হবে। তিনি বলেন, “আমি পুনরায় বলছি, যেখানে কোণো অনিয়ম বা আইন ভঙ্গ হচ্ছে, আমাকে জানাবেন, আমি দ্রুত পদক্ষেপ নেব।” সাক্ষাতে উপস্থিত ছিলেন: সিয়ামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মাসুম বিল্লাহ; প্রজেক্ট ম্যানেজার মুস্তাফিজুর রহমান শাকিল; পলিসি লিড, কাজী মোহাম্মদ হাসিবুল হক; ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্টের মোঃ ইমরান মিয়া ও রাকিব হাসান ও অন্যান্যরা। এই সাক্ষাৎপ্রস্তাব এবং জেলা প্রশাসনের সংকল্প খুলনায় তামাক নিয়ন্ত্রণ বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গী ও গঠনমূলক সহযোগিতার পথ সুগঠিত করবে বলে আশাবাদী প্রতিনিধি দল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button