যশোরে ধর্ম মা পাতিয়ে তার বিবাহিতা মেয়েকে ধর্ষণ মামলায় পলাতাক লম্পট যুবক আটক

যশোর ব্যুরো ঃ যশোরে ধর্ম মা পরিচয়কে কেন্দ্র করে এক তরুণীকে ধর্ষণ ও গর্ভপাত করানো এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইকরামুল কবীর (ঝিনাইদহ, কালীগঞ্জ, রঘুনাথপুর) নামের এক যুবককে আটক করেছে র্যাব। সোমবার ২৪ নভেম্বর সন্ধ্যার পর ঢাকার খিলক্ষেত এলাকা থেকে র্যাব-১ এর একটি স্পেশাল টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে কোতোয়ালি থানা পুলিশ তাকে হেফাজতে নেয় এবং মঙ্গলবার ২৫ নভেম্বর আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বাদী ইকরামুলের মাকে ‘ধর্ম মা’ বলে ডাকতে শুরু করেন। এর সুযোগে ইকরামুল তাদের বাড়িতে যাতায়াত বাড়ায় এবং বিভিন্নভাবে তরুণীকে উত্যক্ত করতে থাকে। এ সময় বাদীর অন্যত্র বিয়ে হলেও ইকরামুল তাকে উত্ত্যক্ত করা বন্ধ করেনি। বাদীর অভিযোগ, ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি রাতে ইকরামুল ভয়ভীতি দেখিয়ে তার বাবার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে এবং গোপনে ভিডিও ধারণ করে। পরে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একই বছরের ৮ ফেব্রুয়ারি, ১৬ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ১৫ এপ্রিল তাকে আবারও ধর্ষণ করে। ধর্ষণের ফলে বাদীর গর্ভে সন্তান আসে, যা গত ২৯ সেপ্টেম্বর জোরপূর্বক গর্ভপাত করানো হয়। এছাড়া ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ২৩–২৯ এপ্রিলের মধ্যে বিকাশের মাধ্যমে বাদীর কাছ থেকে ৪৭ হাজার টাকা হাতিয়ে নেয় ইকরামুল। পরিস্থিতিতে বাধ্য হয়ে ভুক্তভোগী নারী গত ৩১ জুলাই যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। আদালতের নির্দেশে কোতোয়ালি থানা মামলা হিসেবে গ্রহণ করে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



